সু.খবর ডেস্ক
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন মেনে না চললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবে না। তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চায়, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যায়নি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সফলতা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন -২০১০ মেনে চলবেন বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্র-ছাত্রী সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই আমরা মানসম্মত শিক্ষা এবং সকল সুযোগ নিশ্চিত করতে চাই।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতে পরিবর্তনের লক্ষ্যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এর মাঝে বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ সারাবিশ্বে অতুলনীয় বলে বিশ্ব সংস্থাসমূহ বিবেচনা করছে। যথাসময়ে ভর্তি, ক্লাস শুরু, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, সৃজনশীল পদ্ধতি প্রবর্তন, মাল্টিমিডিয়া ক্লাস চালু, স্কুলভিত্তিক কম্পিউটার শিক্ষার প্রবর্তনসহ শিক্ষার সামগ্রিক উন্নতি সাধনের লক্ষ্যে দেশবরেণ্য শিক্ষাবিদদের সমন্বয়ে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ প্রণয়ন ইত্যাদি শিক্ষায় শৃঙ্খলা এবং মান উন্নয়নে বিরাট অবদান রাখতে সক্ষম হচ্ছে।
বর্তমান সরকার উচ্চ শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে এবং এগুলোর গুণগতমান অর্জনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে এ কথা জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নারী শিক্ষায়ও আমাদের অর্জন যুগান্তকারী এবং এক্ষেত্রে আমরা সার্কভুক্ত সব দেশের চেয়ে এগিয়ে আছি। সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের পূর্বেই ২০১২ সালে আমরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলিতে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জন করেছি। প্রাথমিক পর্যায়ে ছাত্রী হার ৫১ শতাংশ ও ছাত্র হার ৪৯ শতাংশ। মাধ্যমিক পর্যায়ে ছাত্রী হার ৫৩ শতাংশ ও ছাত্র হার ৪৭ শতাংশ। আগামী ৩ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ও ৬ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জনে আমরা সক্ষম হবো।’
সমাবর্তনে উদ্বোধনী বক্তব্য দেন ইউডার উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল মান্নান। ইউডার ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান প্রফেসর মুজিব খানও অনুষ্ঠানে বক্তৃতা করেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আহমদ উল্লাহ মিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।


