বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের তালিকা রবিবার

সু.খবর ডেস্ক
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে নির্বাচিত শিক্ষকদের তালিকা প্রকাশ করা হবে আগামী রবিবার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই দিন বিকাল সাড়ে তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক প্রস্তুতকৃত প্রায় ১৫ হাজার শিক্ষকের তালিকা প্রকাশ করবেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো মন্ত্রীর কর্মসূচি থেকে এ তথ্য জানানো হয়েছে।
তালিকা প্রকাশ হলে নিয়োগ প্রক্রিয়ায় এবারই প্রথমবারের মতো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিবর্তে এনটিআরসিএ নিয়োগ দেবে।
বিজ্ঞপ্তির মাধ্যমে   
সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও সমপর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্যপদে ১৫ হাজার শিক্ষকের চাহিদা পেয়েছিল এনটিআরসিএ। এসব আবেদন যাচাই-বাছাই করে এনটিআরসিএ শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না।
এনটিআরসিএ’র এক কর্মকর্তা বলেন, প্রথম থেকে দ্বাদশ নিয়োগ পরীক্ষা পর্যন্ত যেসব প্রার্থী আবেদন করেছে তাদের মধ্য থেকে বাচাই করে নিয়োগ দেওয়া হবে। প্রথম থেকে দ্বাদশ পরীক্ষা পর্যন্ত সাড়ে ১৪ লাখ আবেদন জমা পড়েছিল। এসব আবেদন থেকে শূন্য পদে যোগ্যতা ভিত্তিক সাড়ে ১৪ হাজার পদে নিয়োগ দেওয়া হবে। টেলিটক মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে প্রার্থী বাছাই করে এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে বলেও জানায় এনটিআরসিএ।