স্বপন কুমার দেব
জয়পুর দি পিংক সিটি বা গোলাবী নগরে দেড়দিন একরাত্রি
জয়পুরের হোটেলে সুখ নিদ্রা শেষে ঘুম ভাঙল ভোরে। সারাদিন পরিশ্রমে থাকলে রাতে ভালো ঘুম হয়। মনের উপর বিশেষ চাপ নেই। গাড়িতে ঘুরলেও সঙ্গে হাঁটাহাঁটি থাকায় দৈহিক খাটুনি হচ্ছে। অতএব নিপাট ঘুম। সুনামগঞ্জের বাসায় রাতের ঘুমের জন্য অনেক সাধনা করতে হয়। ঘুমের ঔষধ তো আছেই। ভ্রমণকালীন সময়েও ঘুমের ঔষধ চলছে। তবে এক ঘুমেই রাত শেষ। ভোর বেলা ঘুম থেকে উঠা আমার অভ্যাস। মনে হলো হোটেলের ভেতরেও বাইরে সবাই ঘুমে মগ্ন। বিছানায় আরো কিছু সময় শুয়ে থেকে কম্বলের নিচে শীতের উষ্ণতা উপভোগ করতে থাকি। সর্বত্রই এখন কম্বলের জয়জয়কার। বাহারী রঙিন মোলায়েম কম্বল। আগের মতো লোমওয়ালা গায়ে কুটকুট করা কম্বল আর নেই। বাঙালির প্রিয় লেপ ক্রমশ: কম্বলের কাছে হার মেনে বিদায় নেবে তা নিশ্চিত। আর দেরি না করে বিছানা ছেড়ে ঢুকলাম বাথরুমে। বাম দিকে ট্যাপ ঘুরাতেই টগবগে গরম জলের শ্রোতধারা। অন্য জায়গার হোটেল গুলিতে ট্যাপ ঘুরালে সঙ্গে সঙ্গে গরম জল আসতো না। ঠান্ডা থেকে ক্রমশ: জল গরম হতো। এতে কিছুটা সময়ও লাগতো। জয়পুরের হোটেল ব্যতিক্রম। সঙ্গে সঙ্গে গরম পানি। হাত মুখ ধোঁয়ে একসঙ্গে ¯œান সেরে বাথরুম থেকে বেরিয়ে শুভ্রাকে ঘুম থেকে তুলে দেই। অত:পর ব্রেকফ্রাস্টে আলু পরোটা আর কফি। সকাল ৯টার দিকে লাগেজপত্র নিয়ে হোটেল ত্যাগ করি। হোটেলে আর ফেরা হবে না। সারাদিনে জয়পুরের বাকী জায়গা দেখা শেষ করে সারারাত গাড়ি ভ্রমণে হরিদ্বার যাত্রা করবো। নিচে মহসিন খান প্রস্তুত। আবার যাত্রা হলো শুরু। গাড়িতে স্থানীয় রেডিও সরগরম। একটানা গোলাবী নগরের বন্দনা চলছে। প্রথম দর্শন বিড়লা মন্দির। ভারতে প্রায় প্রতিটি বড় শহরেই বিড়লা মন্দির আছে। ব্যবসায়ী বিড়লা গ্রুপ এসব মন্দিরের নির্মাতা। সব মন্দিরেই লক্ষ্মী-নারায়ণ দেবতার বিগ্রহ স্থাপিত। বিড়লাদের তৈরী প্রতিটি মন্দির যেমন ঝকঝকে তকতকে তেমনি চমৎকার স্থাপত্য শৈলী মন্ডিত এবং দৃষ্টিনন্দন। জয়পুরের মন্দিরটিও তেমনি এক নিদর্শন। গাড়ি থামলো। রাস্তা থেকে উপরের দিকে বাঁধানো সিড়িতে হাঁটতে হাঁটতে ক্রমশ: উঁচুতে সমতল জায়গায় মন্দির। সামনে ঢালের গায়ে খন্ডে খন্ডে রঙিন ফুলের বাগান। সাদা রঙের দামি মার্বেল খন্ড দিয়ে তৈরী মন্দির। মন উদার হওয়া পবিত্র পরিবেশ। বিড়লারা ১৯৮৮ সনে মন্দিরটি নির্মাণ করেন। মতি দ্ঙ্গুারী নামক পাহাড়ের পাদদেশে এই মন্দির অবস্থিত। হিন্দু স্থাপত্য শৈলীতে নির্মিত তিনটি পৃথক পৃথক চূড়া। ভগবান বিষ্ণু (নারায়ণ) ও শ্রী লক্ষ্মী দেবীর বিগ্রহটি একটি মার্বেল খন্ডে তৈরী। কোন জোড়া তালি নেই। হিন্দু শাস্ত্র মতে, ভগবান এক এবং অদ্বিতীয়। তিনি সৃষ্টিকর্তা। দেবী লক্ষ্মী হলেন অর্থ, বিত্ত ও সম্পদের মালিক। দেবী লক্ষ্মীর কল্যাণে বিড়লারা অর্থ বিত্তে টই টম্বুর। দেবতা গনেশ হলেন সম্পদের রক্ষাকর্তা। মন্দিরে দেবতা গনেশেরও একটি চমৎকার সুন্দর বিগ্রহ আছে। বিড়লা গ্রুপ দীর্ঘদিন ধরে ভারতে অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান। আমরা যখন স্কুল, কলেজে পড়াশুনা করি তখন পাকিস্তান আমল। পশ্চিম পাকিস্তানের ২২ পরিবারের হাতে ছিল দেশের সিংগভাগ সম্পদ। যেমন আদমজী, ইস্পাহানী ইত্যাদি। ভারতে ছিল তিন পরিবার যথা টাটা, বিড়লা গোয়েঙ্কা। গোয়েঙ্কাদের নাম এখন বিশেষ একটা শোনা যায় না। টাটা সগৌরবে ছাড়িয়ে গেছে বিড়লাদের। তবে বিড়লারাও কম নেই। যাই হোক সাধারণ ভক্তদের কাছে মন্দির পবিত্র তীর্থস্থান সমতুল্য। জয়পুরের বিড়লা মন্দিরও তদ্রুপ। এ মন্দিরের বাহিরের দেওয়াল গুলিতে দেশ বিদেশের বিখ্যাত সব মনীষী ও ধর্মগুরুদের চিত্র খোদাই করা আছে। যেমন লর্ড বুদ্ধ, লর্ড যীশু, সক্রেটিস প্রভৃতি। মন্দিরের ঢালের বাগান থেকে চলমান জয়পুরের দৃশ্য বেশ উপভোগ্য। তেমনি উপভোগ্য জয়পুরের সন্দেশ, মিঠাই, মন্ডা, লাড্ডু। বিড়লা মন্দির দর্শন শেষে নিচে নেমে আবার গাড়িতে চললাম। ইতিমধ্যে দর্শনার্থীর ভীড় বেড়ে গেছে। মহসিন গাড়ি চালিয়ে নিয়ে এলেন শহরের সুনসান প্রশস্ত এলাকায়। সড়কের একপাশে জয়পুর চিড়িয়াখানা। আরেক পাশে বিখ্যাত মিউজিয়াম। প্রথমে ঢুকলাম চিড়িয়াখখানাতে। এটি মধ্যম মানের চিড়িয়াখানা। ৩৫ একর জায়গা নিয়ে এর অবস্থান। ১৮৭৭ খ্রি. মহারাজা মাধো সিংহ (২য়) এর আমলে চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। সর্বমোট ৫৫০ ধরণের পশু পক্ষীর মেলা। এর মধ্যে ৫০টি বিভিন্ন প্রজাতির পাখি। ১৯৯৯ খ্রি. এই চিড়িয়াখানায় কুমীর, ঘড়িয়াল ও অন্য কয়েক জাতের প্রাণী প্রজনন কেন্দ্র চালু হয়। সাদা রঙ এর দুর্লভ প্রজাতির একটি বাঘ ছিল। তবে কিছুদিন আগে এটি মারা গেছে। চিড়িয়াখানা মানে এক ধরণের বন জঙ্গল আর বন্য প্রাণীর সমাহার। তবে আসল জঙ্গল নয়। কৃত্রিম উপায়ে সৃষ্ট এবং পরিকল্পনা মাফিক সাজানো। চিড়িয়াখানার বন্য প্রাণীরা কৃত্রিম বনে কিংবা খাঁচায় বন্দী। উদ্দামতা নেই। আসল বনজঙ্গল যদি বিপদসংকুল হয় তবে চিড়িয়াখানা নিরাপদ জঙ্গল আর বন্যপ্রাণীর আক্রমণ থেকে শংকামুক্ত। পাখির কিচির মিচির শুনতে শুনতে শীতের মিষ্টি রোদে আমরা ঘুরে সব দেখছি। হিং¯্র প্রাণীরা সব অসহায়। নিরীহ হরিণের পাল নিশ্চিন্তে ঘোরাফেরা করছে। চিড়িয়াখানা সবচেয়ে যাদের আনন্দে ভরিয়ে দেয় সেই সব দর্শণার্থীর অভাব নেই। এরা হলেন খুদে শিশুর দল। চিড়িয়াখানার আসল রঙিন প্রজাপতি আর মানব শিশু প্রজাপতিদের মধ্যে কোন ব্যবধান নেই। রং বেরংয়ের স্কুল পোশাক পরিহিত শিশুর দল লাইন বেঁধে কোলাহল করতে করতে এগুচ্ছে। পিঠে রঙিন ব্যাগ আর হাতে জলের বোতল। একদল নয়, বেশ কয়েকটি শিশুদের দল। লাইনের সামনে আছেন শিশুদের স্মার্ট তরুণী ম্যাম্রা। তাদের অনেকের হাতেই কামেরা। সমানে ফটো তোলা তুলি চলছে। শিশু যেখানে সৌন্দর্য্যও সেখানে। চিড়িয়াখানা এজন্যই আরো বেশী সুন্দর। বাইরে এসে আমড়া জাতীয় এক ধরণের ফল খেলাম। বেশ স্বাদু। তারপর রাস্তার ওপারে আলবার্ট হল মিউজিয়ামের সামনে। চমৎকার অপূর্বসুন্দর স্থাপত্য শৈলীতে তৈরী বিরাট আকৃতির একাধিক তল বিশিষ্ট আলবার্ট হল। যেন এক রাজপ্রাসাদ। ১৮৮৬ খ্রি. প্রথম দিকে মহারাজা মাধো সিংহ (২য়) এর আমলে মিউজিয়াম হলের নির্মাণ কাজ শুরু হয়। ১৮৮৭ খ্রি. শেষ দিকে মিউজিয়ামটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। উত্তর ভারতীয় এবং ব্রিটিশ স্থাপত্যের মিশ্রণে ডিজাইন করা। ডিজাইন করেছিলেন বিখ্যাত স্থপতি স্যার স্যামুয়েল সুইনটন জ্যাকব। উনার সহকারী ছিলেন ভারতীয় স্থপতি মীর তজম্মুল হোসেন। আলবার্ট হল নামটি পরে সংযোজিত হয়েছিল। ইংরেজ রাজত্বকালে যখন ইংল্যান্ডের রাজা সপ্তম এড্ওয়ার্ড জয়পুর সফরে আসেন তখন উনার সম্মানে নতুন নামকরণ হয়েছিল। রাজা এড্ওয়ার্ড (সপ্তম) এর মূল নাম আলবার্ট এড্ওয়ার্ড। সেই হিসাবে জয়পুর মিউজিয়ামের নামকরণ হয় আলবার্ট হল মিউজিয়াম। যথারীতি টিকিট কেটে প্রবেশ করলাম জয়পুরের গর্ব আলবার্ট হল মিউজিয়ামের অন্দরে। গ্যালারি থেকে গ্যালারিতে সাজানো দুর্লভ সব ঐতিহাসিক জিনিসপত্রের সমাহার। প্রতিটি আইটেমের গায়ে পরিচয় সূচক স্টিকার দেয়া আছে। বিভিন্ন দ্রষ্প্রাপ্য সব পেন্টিং। আছে মহামূল্যবান বিচিত্র সব কার্পেট, মার্বেল খন্ড, পাথর খন্ড, ধাতব জিনিস, পুতুল, রাজস্থানীয় ঐতিহ্য মন্ডিত তৈজসপত্র, পোশাক, রাজকীয় আমলের তরবারি, বন্দুক ও বিভিন্ন সমরাস্ত্র। ঘুরে ঘুরে দেখার শেষ হয় না। মিউজিয়ামের এক প্রান্তে উঁচু বেদির মতো স্থান কাচ দিয়ে ঢাকা। এখানে দর্শকদের বেশ ভীড়। আমরা এগিয়ে গিয়ে দেখলাম ও মুগ্ধ হলাম। এখানে শায়িত মিশরের বিখ্যাত মমি। এক ব্যক্তির অনেক অনেক আগে সংরক্ষিত মৃতদেহ। বুঝা যায় এটি একটি পুরুষের দেহ। মিশরীয় সভ্যতা ভারতবর্ষ থেকেও প্রাচীন। সেখানে রাজা, রাজপরিবারের সদস্য, ধনাঢ্য ব্যক্তিদের মরদেহ বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষণ করে পিরামিডের ভেতর রাখা হতো। এই হলো মমি। ঐ দেহগুলি যুগ যুগ ধরে অবিকল ও অক্ষত অবস্থায় আছে। মমি আমি ইতিপূর্বেও দেখেছি কলকাতা মিউজিয়ামে। হরহামেশা অনেকেই কলকাতা যান। হাতের ধারে সেখানকার মিউজিয়ামটি দেখে আসতে পারেন অনায়াসে। অত:পর এক তলা দু’তলা হয়ে তিন তলায় ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে দেখতে যখন বাইরে এলাম তখন শেষ দুপুর। লাঞ্চের উপযুক্ত সময় পেরিয়ে যাচ্ছে। তবে ঘুরতে বেরুলে কোন বেলাতেই খাওয়া ঠিক সময়ে হয় না। লাঞ্চ মানে ধাবায় খাওয়া, একই ধরণের নিরামিষ খাবার। তবে অরুচি বা অতৃপ্তি নেই। লাঞ্চ শেষে রওয়ানা দিলাম বিখ্যাত আমের বা আম্বের দুর্গের উদ্দেশ্যে। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক


