বোরো ধান সংগ্রহে মাইকিং

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার পৃথক দুটি খাদ্যগুদামে ন্যয্য মূল্যে বোরো ধান সংগ্রহে কৃষকদের অবগতির জন্য মাইকিং করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে ধর্মপাশা সদর বাজার ও তার আশপাশে মাইকিং করা হয়। এতে ধান বিক্রয় করতে আগ্রহী কৃষকদের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে ধান বিক্রয়ের জন্য আহ্বান জানানো হয়।
এবার ধান বিক্রয়ে আগ্রহী কৃষকদের লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়নি। বাজারে ধানের দাম দাম বেশি থাকায় খাদ্য গুদামে ধান বিক্রয়ে কৃষকদের অনাগ্রহের কারণে ‘যে কৃষক আগে আসবেন তার ধান আগে নেওয়া হবে’ ভিত্তিতে ধান সংগ্রহ চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের ২৬ দিন পর মঙ্গলবার বিকেলে ওই দুটি খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। গত রোববার দুপুরে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈরি আবহাওয়ার কারণে সভা করতে না পারা, ঈদের ছুটি, হাওরে পানির কারণে আগাম ফসল কাটা, কৃষকেরা ঠিকমতো ধান শুকাতে না পারায় ধানের আদ্রতার পরিমাণ বেশি হওয়াকে দায়ী করে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা যায়নি বলে দাবি স্থানীয় খাদ্য বিভাগের। ধর্মপাশা ও মধ্যনগরে পৃথক দুটি খাদ্যগুদামে মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন ধানের মধ্যে ধর্মপাশা খাদ্যগুদামে ১ হাজার ৪০৮ ও মধ্যনগর খাদ্যগুদামে ২ হাজার ৫০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
সংগ্রহ ও মনিটরিং সভাপতি ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান বলেন, ‘এবার ধান পাওয়া যাচ্ছে না। তাই যে কৃষক আগে আসবেন তার ধান আগে নেওয়া হবে। ধান বিক্রয়ে আগ্রহী কৃষকদের অবগতির জন্যই মাইকিং করা হয়েছে।’