বোলারদের র‌্যাংকিংয়ে নবম স্থানে মাশরাফি

সু.খবর ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আট উইকেট নিয়ে বোলারদের শীর্ষ দশে উঠে এসেছেন টাইগার দলনেতা মাশরাফি বিন মতুর্জা। ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে এখন নবম স্থানে রয়েছেন ম্যাশ। এর আগে সর্বশেষ ২০০৯ সালে ক্যারিয়ার সেরা ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে নবম স্থানে ছিলেন মাশরাফি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে ১৫তম অবস্থানে ছিলেন মাশরাফি।
বোলারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এরপরের নামটি ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। তৃতীয় স্থানে রয়েছেন ইমরান তাহির। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন মিচেল স্টার্ক ও ম্যাট হেনরি।
মাশরাফির উন্নতি হলেও বোলারদের র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে সাকিব আল হাসানের। গত মাসে বোলারদের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন সাকিব। সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৬৬০।
ব্যাটিংয়ে একধাপ এগিয়েছে তামিম ইকবাল। গত মাসে ব্যাটসম্যানদের মধ্যে ২৩তম অবস্থানে ছিলেন তামিম। ইংল্যান্ড সিরিজ শেষে ২২ নম্বরে রয়েছেন দেশ সেরা এই ওপেনার।ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সেরা তিনটি নাম ডি ভিলিয়ার্স, কোহলি ও ওয়ার্নার। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৮তম অবস্থান থেকে ৬ ধাপ এগিয়ে ৪২ নম্বরে রয়েছেন তিনি।
৩৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থানটা এখনো নিজের দখলে রেখেছেন সাকিব আল হাসান। সাকিবের আশেপাশে আপাতত কেউ নেই। ৩৫২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।