লন্ডন প্রতিনিধি
তরুণ প্রজন্মের উন্নয়নে কমনওয়েলথের ভাবনা জানতে সংস্থাটির মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ডের সাথে সাক্ষাত করেছে রেডব্রিজ ইয়ুথ কাউন্সিলের ‘ইয়াং কেবিনেট মেম্বার’ বাংলাদেশী বংশোদ্ভূত নাহিয়ান পাশা। মহাসচিবের সাথে সম্প্রতি অনুষ্ঠিত তার এই সাক্ষাতকারটি ফলাও করে প্রচার করেছে কমনওয়েলথের মূল ওয়েবসাইট ‘দ্যা কমনওয়েলথ’ ও কমনওয়েলথ ইয়ুথ ম্যাগাজিন ‘ইওর কমনওয়েলথ’। সম্প্রতি তরুণ প্রজন্মের উন্নয়নে ৫২ রাষ্ট্রের সম্মিলিত সংস্থা কমনওয়েলথের ভাবনা জানতে মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ডের সাথে সাক্ষাত করে নাহিয়ান। এসময় কমনওয়েলথভূক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের সমস্যা সম্ভাবনা বিষয়ে নাহিয়ানের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড।
নাহিয়ানকে তিনি জানান, সংস্থাভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা দিতে কমনওয়েলথ প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের উজ্জল ভবিষ্যতের লক্ষ্যে তারা যা অর্জন করতে চায়, তা করতে পারছে এমনটিই দেখতে চায় কমনওয়েলথ। কমনওয়েলথ মহাসচিব তরুণ প্রজন্মের প্রতিনিধি নাহিয়ানকে বলেন, ‘তরুণরা সমাজের ভবিষ্যত। আকাঙ্ক্ষা, অনুপ্রেরণা ও মেধা থাকলে তারা যা চায় তা অর্জন করতে পারে’। সাম্প্রতিক সময়ে রাজনীতির প্রতি তরুণ প্রজন্মের একটি অংশের উদাসীনতা নিয়ে নাহিয়ান কমনওয়েলথ মহাসচিবের দৃষ্টি আকর্ষন করলে তিনি স্বীকার করেন যে তরুণ প্রজন্মের বিরাট একটি অংশের রাজনীতি থেকে দুরে থাকার প্রবণতা তাকে কষ্ট দেয়।
তিনি বলেন, ‘সমাজের সবচেয়ে সম্ভাবনাময় এই জনগোষ্ঠিকে এটি বুঝতে হবে যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথে রাজনীতির সম্পর্ক রয়েছে’। তরুণরা পরিবর্তনের পক্ষে উচ্চকন্ঠ হওয়ার আইনগত সুযোগ সুবিধা লাভ করুক, এবং সবক্ষেত্রেই নেতৃত্ব দিক, তার এমন প্রত্যাশার কথাও ইয়াং কেবিনেট মেম্বার নাহিয়ানকে জানান পেট্রিসিয়া।
এই মুহূর্তে তরুণ প্রজন্মের প্রতি তার একটি পরামর্শ জানতে চাইলে কমনওয়েলথ মহসচিব নাহিয়ানকে বলেন, ‘নিজের আবেগকে অশ্রদ্ধা নয়, অনুসরণ করতে হবে। তবেই আমরা যা ভালোবাসি তা অর্জনকে লক্ষ্যে পরিণত করতে পারবো।’ তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকেই কোন না কোন ক্ষেত্রে মেধা দিয়েছেন, সেই মেধা খুঁজে বের করার লক্ষ্য থাকতে হবে আমাদের। ব্যর্থতার ভয় নয়, চেষ্টা না করার অনুশোচনা থাকতে হবে’।
কমনওয়েলথ মহাসচিবের সাথে সাক্ষাত শেষে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি ফিচার লিখে নাহিয়ান যা কমনওয়েলথের মূল ওয়েবসাইট ‘দ্যা কমনওয়েলথ’ ও কমনওয়েলথ ইয়ুথ ম্যাগাজিন ‘ইওর কমনওয়েলথ’ ফলাও করে প্রচার করে। কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ডের সাথে এ সাক্ষাত ভবিষ্যত নিয়ে তাকে আশাবাদী করে তুলেছে বলে ফিচারে মন্তব্য করে নাহিয়ান। তার মতে, কমনওয়েলথের মত শীর্ষ সংস্থাগুলোর সহযোগিতা পেলে তরুণ প্রজন্ম তাদের স্বপ্ন পুরনের লক্ষ্য অর্জনে অবশ্যই সফলতা পাবে। ‘তরুণ প্রজন্ম ড্রাইভিং সিটে, আর কিভাবে ড্রাইভ করতে হয় তা শেখাতে পেট্রিসিয়া স্কটল্যান্ড ইন্সট্রাক্টর হিসেবে পাশের সিটে’-সাক্ষাতকারে তরুণ প্রজন্মের প্রতি কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে নাহিয়ান এমনিভাবে বিশ্লেষন করে ‘দ্যা কমনওয়েলথ’ ও ‘ইওর কমনওয়েলথ’ এ লিখা তার ফিচারে।
উল্লেখ্য, লন্ডনের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ইলফোর্ড কাউন্টি হাইস্কুলের ইয়ার-১১ এর ছাত্র নাহিয়ান বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা ও সৈয়দা ফেরদৌসি পাশা কলি’র সন্তান। লেখাপড়ার পাশাপাশি লন্ডন বারা অব রেডব্রিজের ইয়ুথ কাউন্সিলে কেবিনেট মেম্বারের দায়িত্ব পালন করছে সে।


