তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার একমাত্র রাস্তা তাহিরপুর সদর থেকে বালিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার পর্যন্ত যাওয়ার ৮ কিলোমিটার রাস্তার মধ্যে ব্রিজ থাকলেও চলাচলের উপযোগী রাস্তা নেই। আছে লোক দেখানো কোটি টাকার ছোট বড় ১০টি ব্রিজ। বর্ষা মৌসুমে এ এলাকার মানুষের যাতায়াতের মাধ্যম এখন শুধু নৌকা। রাস্তা নির্মাণের পর থেকেই কয়েকটি ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়। প্রতি বছর র্বষা মৌসুমে এ পরিস্থিতির সৃষ্টি হলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ পর্যন্ত এ রাস্তাটি সঠিকভাবে উঁচু করে নির্মাণ করা হচ্ছে না।
যার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন টেকাটুকিয়া জয়নাল আবেদীন কলেজ, বাদাঘাট ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী, বড়ছড়া, চারাগাও, বাগলী শুল্কষ্টেশনের কয়লা ব্যাবসায়ী সহ অর্ধশতাধিক গ্রামবাসী। সূত্রে জানা যায়, তাহিরপুর টু বাদাঘাট বাজার যাওয়ার একমাত্র রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৩ সালে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত ৮ কিলোমিটার রাস্তার ভিতরে পাতারগাঁও নামক অংশের ১৫০ মিটারের মধ্যে রয়েছে ছোট বড় ১০টি ব্রিজ। ১০টি ব্রিজ থাকলেও রাস্তা না থাকায় মানুষ চলাচল করতে পারছেন না।
তাহিরপুর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক জহুর আলম বলেন, এই রাস্তায় একের পর এক ছোট বড় ব্রিজ নির্মাণ করা হলেও রাস্তার অভাবে মানুষ যোগাযোগের সুবিধা নিতে পারছে না। উপজেলার জনসাধারনের জন্য এই রাস্তাটি জরুরি ভিত্তিত্তে সংস্কার করা প্রয়োজন।’
স্থানীয়রা জানান, এলাকাবাসীর কোন ধরনের পরামর্শ না নিয়ে এলজিইডির কর্মকর্তারা নিজেদের মত কাজ করার ফলেই এমন সমস্যার সৃষ্টি হয়েছে। বাদাঘাট ডিগ্রি কলেজের ছাত্র বাবলুসহ কয়েকজন শিক্ষার্থীরা জানান, এলাকাবাসী বার বার এ রাস্তাটি সংস্কার করার দাবী জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝে মধ্যে লোক দেখানো কাজ করেছেন, যা বর্ষা মৌসুম এলেই রাস্তাটি ভেঙ্গে যায়।
এ রাস্তাটি সংস্কার ও পাকাকরণের অভাবে শুষ্ক মৌসুমে কষ্ট করে চললেও বর্ষা মৌসুমে বৃষ্টি ও পাহাড়ী ঢলে রাস্তাটি ভেঙ্গে গিয়ে একেবারে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে।
বড়ছড়া চারাগাঁও,বাগলী শুল্কষ্টেশনের কয়লা ব্যবসায়ী ফারুক জানান, ব্যাংক অথবা চিকিৎসার কাজে তাহিরপুর সদরে মোটরসাইকেল নিয়ে গেলে রাস্তা পারাপারের সময় দুর্ভোগের সীমা থাকে না।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,‘উপজেলাবাসীর গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এই রাস্তাটি সংস্কার করার জন্য বার বার উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনে সুপারিশ পাঠানো হলেও রাস্তাটি রহস্যেজনক কারণে সংস্কার করা হচ্ছে না।’


