এমএ রাজ্জাক,তাহিরপুর
তাহিরপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা রেখায় (জিরো পয়েন্টে) বাংলাদেশ ও ভারতের কয়লা আমদানী ও রপ্তানীকারকদের সৌজন্য সভা হয়েছে। দুই দেশের ৫ জন করে আমদানী ও রপ্তানীকারক এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কয়লা আমদানীকারদের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সিনিয়র সহসভাপতি ফরিদ গাজী, ইউনুস আলী,
স্বপন দাস প্রমুখ।
অপরদিকে ভারতীয় কয়লা রপ্তানীকারকদের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন- মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার এসাসিয়েশনের সভাপতি জেসি ডিংগাং, রপ্তানী কারক এনএন মারউন, জেপি হাস্সা, এসএফনন গ্রিফ, মুখোশ বাইজিদ, মনারজিত আহমদ প্রমুখ।
এর আগে বড়ছড়া কয়লা আমাদানীকারক সমিতির অফিসে মতবিনিময় সভায় মিলিত হন বড়ছড়া-চারাগাঁও আমদানী কারক গ্রুপের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাবেক চেয়ারম্যান সবুজ আলম, জাহের আলী, মনমহন মতিষ পাল, হাসান মেম্বার, কদ্দুস মিয়া, নুর মিয়া প্রমুখ।
দুই দেশের নেতৃবৃন্দের বৈঠক শেষে রপ্তানীকারকরা জানান, আগামী সোমবার জানিয়ে দেওয়া হবে, কবে থেকে কয়লা রপ্তানী’র কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয় সরকারকে অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মূখ্যসচিব এ ব্যাপারে প্রতিটি জেলায় নির্দেশ জারি করেন। এই নির্দেশে গ্রীণ ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। এ কারণে ২০১৪ সালের ১৩ মে থেকে মেঘালয়ের সীমান্ত জেলাগুলোয় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরপর থেকে তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা আমদানী বন্ধ হয়ে যায়।
রপ্তানীকারকরা আইনী লড়াই করে প্রথমে উত্তোলিত কয়লা রাজস্ব জমা দিয়ে ২ মাস রপ্তানীর সুযোগ পান। পরে এই সময় ৪ দফায় বাড়িয়ে আরো প্রায় ৭ মাস সময় বাড়িয়ে চলতি বছরের ১৫ মে পর্যন্ত রপ্তানী কার্যক্রম চালু ছিল। এই সময়ের মধ্যে কেবল উত্তোলিত কয়লা রপ্তানী করেছেন মেঘালয়ের রপ্তানী কারকরা। কিন্তু নতুন করে কয়লা মাইনিং করতে পারেননি। ফের চলতি বছরের ১৬ মে কয়লা রপ্তানী বন্ধ হয়ে যায়। এপারের তিন শুল্ক ষ্টেশনের ৪০০ আমদানীকারক বেকায়দায় পড়েন। বেকার হয়ে পড়েন কমপক্ষে ৫০ হাজার কয়লা শ্রমিক।


