ভর্তিফিসের ফাঁসে শিক্ষাার্থীদের বাঁধবেন না

আমরা ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এ কারণে যে এবারের ভয়াবহ ফসল ক্ষতির প্রেক্ষাপটে তারা একাদশ শ্রেণিতে ভতিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য জেলার সর্বনি¤œ ভর্তি ফিস নির্ধারণ করেছেন। বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ভর্তি ফিস বাবদ ৫০০ টাকা নির্ধারণ করেছে। এর বিপরীতে শহরের পৌর কলেজ ভর্তি ফিস নির্ধারণ করেছে ৩২০০ টাকা যা জেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ। পর্যালোচনায় দেখা যায় জেলার বিভিন্ন কলেজ নিজেদের ইচ্ছামত ভর্তি ফিস নির্ধারণ করেছেন যার অধিকাংশই ১০০০ টাকার বেশি। একাদশ শ্রেণিতে ভর্তি হতে বোর্ড নির্ধারিত ফির পরিমাণ ২৬২ টাকা মাত্র। সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কবির আহমদ বলেছেন, জেলা সদরে সর্বোচ্চ ২০০০ টাকা এবং উপজেলা সদরসহ অন্য এলাকায় ১০০০ টাকার বেশি ভর্তি ফিস নেওয়ার কোন আইনি ভিত্তি নেই। তাহলে এই যে বিভিন্ন কলেজ এর চাইতে অনেক বেশি ভর্তি ফিস নির্ধারণ করছে  তার ভিত্তি কি? এমনিতে কোন ভিত্তি নেই। এগুলো অনেকটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনার পরিচায়ক যা রাষ্ট্রের অন্তর্গত কোন প্রতিষ্ঠান করতে পারে না। সুনামগঞ্জ জেলার মানুষের জীবন-জীবিকার প্রধান অবলম্বন বোরো ফসল প্রায় শতভাগ বিনষ্ট হওয়ার কারণে সকল মহল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মাসিক বেতন ও ভর্তি ফিসসহ অন্যান্য ফিস এক বছরের জন্য মওকুফের প্রস্তাব উঠেছে। গতকাল থেকে শুরু হওয়া একাদশ শ্রেণির ভর্তি ফিস বাবদ বিভিন্ন কলেজ যে টাকা নির্ধারণ করেছে তা ওই প্রস্তাবের সাথে পরিহাসস্বরূপ। অভিভাবকমহলে স্পষ্টতই বিশাল ভর্তি ফিস নিয়ে হতাশা নেমে এসেছে। কিছুদিন আগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তাঁর নির্বাচনী এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বছরের বেতন নিজ তহবিল থেকে পরিশোধের একটি চমৎকার সিদ্ধান্ত জানিয়েছেন। কলেজে ভর্তি ফিস নির্ধারণের ক্ষেত্রেও আমরা দেখতে পারছি তাঁর নির্বাচনী এলাকার কলেজগুলোই তুলনামূলক কম টাকা নির্ধারণ করেছে। আমাদের প্রশ্ন হলো এক মোয়াজ্জেম হোসেন রতন চেষ্টা চালিয়ে ভর্তি ফিস কমাতে পারলে অন্যরা কেন এমন উদ্যোগ গ্রহণ করলেন না?
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলেও যথেচ্ছভাবে ভর্তিফিস বা অন্যকোন ফিস আদায় করার কোন এক্তিয়ার তাদের থাকার কথা নয়। এখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও বোর্ডের কিছু নির্দেশনা রয়েছে। কার্যক্ষেত্রে এসব নির্দেশনা কোন বছরেই কোন শিক্ষা প্রতিষ্ঠান অনুসরণ করেন না। ধারণা করা হয়েছিল এবার ফসল বিপর্যয়ের কারণে ভর্তি ফিস নির্ধারণের ক্ষেত্রে মানবিক বিবেচনাবোধের প্রয়োগ ঘটবে। বাস্তবে তার লেশমাত্র হয় নি। যথেচ্ছ পরিমাণে ভর্তির ফিস আদায়ের বিষয়ে অতি জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আমরা সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাই। এবার এসএসসি উত্তীর্ণ বহু শিক্ষার্থী কলেজে ভর্তি হবে না এমন আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে। ফসল হারানো পরিবারকে বাঁচানোর জন্য বহু শিক্ষার্থী উপার্জনের জন্য অন্যত্র চলে গেছে বলে জানা যায়। যারা রয়েছে তারাও ভর্তিফিস যন্ত্রণার কারণে ভর্তির আওতাবহির্ভূত থাকবে বলে ধারণা করছেন সুধীজনরা।
একটি এলাকার শিক্ষাকাঠামোকে এগিয়ে নিয়ে যাবার জন্য বিশেষ করে দুর্যোগকবলিত সময়ে বিশেষ কিছু উদ্যোগের প্রয়োজন হয়। ভর্তিফিস, পরীক্ষা ফিস, মাসিক বেতন এমন সব বিষয়গুলোতে সর্বোচ্চ নমনীয়তা পোষণ করা ওইসব উদ্যোগের মূল ক্ষেত্র। তাই একাদশ শ্রেণিতে নির্ধারিত ভর্তিফিস বাদশাগঞ্জ কলেজের ন্যায় পুনঃনির্ধারণ করে বিপর্যস্থ হাওরবাসীর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি।