দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁওয়ের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এলাকাবাসীকে পাশ কাটিয়ে শ্রীপুর বাজারের নামে ভলিবল খেলার আয়োজনকে কেন্দ্র করে এলাকার দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।
একপক্ষ যে কোন প্রকারে আজ শুক্রবার ভলিবল খেলা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্যদিকে কয়েকগ্রামের লোকজনের উদ্যোগে ভলিবল খেলার প্রতিরোধের
ঘোষণা দেয়া হয়েছে।
এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উভয়পক্ষকে কনু মিয়া হাইস্কুল এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আজ শুক্রবার ভোর থেকে শ্রীপুর বাজারের আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, এলাকার বেশ কয়েকজন যুবক শ্রীপুর বাজারের নামে ‘শ্রীপুর বাজার ভলিবল ক্লাব’ গঠন করেন। ক্লাবের উদ্যোগে আজ শুক্রবার থেকে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ভলিবল খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিকে কৃষ্ণনগর, রাধানগর, হরিপদনগর ও পান্ডারগাঁও গ্রামবাসীর অভিযোগ এলাকার লোকজনকে পাশ কাটিয়ে শ্রীপুর বাজারের নামে ক্লাব গঠন করে খেলার আয়োজন করা হয়েছে। তাই যে কোন প্রকারে খেলা প্রতিহত করার ঘোষণা দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
পান্ডারগাঁও গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফতেবুল ইসলাম বলেন, ‘এলাকার সকলকে পাশ কাটিয়ে শ্রীপুর বাজারের নামে ভলিবল খেলার আয়োজন করায় এলাকাবাসী খেলা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এলাকাবাসী যেকোন প্রকারে খেলা বন্ধ রাখবে।’
এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, ‘শ্রীপুরের নামে অনেক আগেই বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। বাজারের নামে খেলা দেয়ায় যদি খেলা বন্ধ করতে চায়, তাহলে আমরা খেলা চালিয়ে যাব।’
শ্রীপুর বাজার ভলিবল ক্লাবের সাধারণ সম্পাদক রেদুয়ানুল হক বলেন, ‘প্রশাসন খেলা বন্ধ রাখার ঘোষণা দিলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে খেলা বন্ধ রাখব।’
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, ‘শ্রীপুরবাজার ভলিবল প্রতিযোগিতা বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।’


