ভাই-বোন হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে বাবার মামলা

সু.খবর ডেস্ক
রাজধানীর বনশ্রীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় মা মাহফুজা জেসমিনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তাদের বাবা আমান উল্লাহ। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ মামলা হয়। মামলার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার প্সংবাদ মাধ্যমে বলেন, আজ শুক্রবার আসামি জেসমনিকে আদালতে পাঠানো হবে।
গত সোমবার সন্ধ্যায় বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাসায় নুসরাত ও আলভীর রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রেস্তোরাঁর খাবার খেয়ে তারা মারা যায়। পরদিন লাশের ময়নাতদন্তে শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার আলামত পান চিকিৎসক।
এ ঘটনায় শিশুদের বাবা আমান উল্লাহ, মা মাহফুজা ও খালা আফরোজা মালেককে গতকাল বুধবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরের নেওয়া হয়। আজ এক সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব জানায়, মা মাহফুজাই দুই শিশুকে হত্যা করেছেন।