পুলক রাজ
পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের ষোলঘর, ধোপাখালী, নবীনগর, দক্ষিণ নবীনগর এলাকার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা। সড়কের পিচ খোয়া উঠে গেছে। এ কারণে সড়কজুড়ে হয়েছে ছোট বড় গর্ত। দক্ষিণ নবীনগর সড়ক ধসে পড়েছে। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে রিকশা, অটো রিকশা, সিএনজি, লেগুনাসহ শত শত যানবাহন। এতে পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সরজমিনে দেখা যায়, ষোলঘর পয়েন্ট সড়ক, ষোলঘর মাদ্রাসার সামনের সড়ক, শ্মশান ঘাটে যাওয়ার সড়ক, নবীনগর সড়ক, ধুপাখালী সড়ক ভাঙা, নবীনগর সড়কের বেহাল দশা। এসব সড়কে পিচ উঠে লাল সুরকি বেরিয়ে গেছে। দক্ষিণ নবীনগর সড়ক ধসে পড়েছে। জনগণ যাতায়াত করতে পারছে না। জানা যায়, কুরবাননগর ইউনিয়নের ধারারগাঁও, খাইমতর, হালুয়ারঘাট, গোদারগাঁও এর মানুষ এইসব সড়ক দিয়ে আসা যাওয়া করেন।
দক্ষিণ নবীনগর বাসিন্দা জুনাব আলী বলেন, আমরা সড়ক নিয়ে মহা বিপদে আছি। দীর্ঘদিন ধরে সড়কের সংষ্কার কাজ হচ্ছে না। এ কারণে আমাদের দুর্ভোগ চরমে গিয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ নবীনগরের শেষ প্রান্তে সড়ক ধসে পড়ায় আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে।
আলী হোসেন বলেন, ষোলঘর পয়েন্ট থেকে বেলীপার্ক যেতে গেলে মনে হয় যুদ্ধের ময়দানে যাচ্ছি। এত ভাঙা সড়ক। এর মধ্যে ধসে পড়েছে। আমরা খুব কষ্টে আছি।
রহমান মিয়া বলেন, সড়কের অবস্থা খুব খারাপ। যানবাহনে চলাচল করতে খুব কষ্ট হয়। বেশির ভাগ অংশের পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত হয়েছে। সড়কটি শীঘ্রই সংস্কার করা দরকার।
এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর হোসেন আহমদ রাসেল বলেন, সড়কের সংস্কার কাজের দরপত্র শেষে ঠিকাদার নিয়োগ হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।


