ভাটিপাড়া হায়দরিয়া মাদ্রাসা- অনুপস্থিত থেকেই বেতন নিচ্ছেন স্বামী-স্ত্রী

শহীদ নূর আহমেদ
মাস কা মাস মাদ্রাসায় আসেন না  দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া হায়দরিয়া মাদ্রাসার সুপার মাও: কামরুল ইসলাম ও তার স্ত্রী সহকারি শিক্ষিকা রিপা আক্তার চৌধুরী। মাদ্রাসায় না আসলেও অভিনব কায়দায় নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেন তারা। মাদ্রাসা পরিচালনা কমিটি থেকে মাদ্রাসায় আসতে  বার বার তাগাদা দেয়া হলেও বিষয়টি আমলে নিচ্ছেন না এই দুই শিক্ষক। মাদ্রাসা প্রধান ও একমাত্র মহিলা শিক্ষিকার বেপরোয়া দায়িত্বহীনতা, দাপ্তরিক ও প্রশাসনিক কাজে নানা অনিয়ম দুর্নীতিতে ক্ষুব্ধ  এলাকাবাসী ও মাদ্রাসা পরিচালনা কমিটি। সামাাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্থানীয়দের বিস্ময় প্রকাশ ও স্থানীয় একাধিক পত্রিকায় এ নিয়ে খবর প্রকাশিত হলেও দুই শিক্ষকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে কোন উদ্যোগ  দেখা যায়নি উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের। সহকারি শিক্ষিকা রিপা আক্তার তার দায়িত্বহীনতার কথা স্বীকার করলেও চার মাস অফিসিয়াল কাজে প্রতিষ্ঠানের বাহিরে ছিলেন বলে দাবি করছেন সুপার মাওলানা কামরুল ইসলাম।
মঙ্গলবার
ভাটিপাড়া হায়দরিয়া মাদ্রাসায় সরেজমিনে গিয়ে সুপার কামরুল ইসলামের খোঁজ নিলে তাকে মাদ্রাসায় পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দিরাইয়ে নিজ বাসায় আছেন বলে জানান এই প্রতিবেদককে। মাদ্রাসা সুপারের স্ত্রী সহকারি শিক্ষিকা রিপা আক্তার চৌধুরীকে মাদ্রাসায় পাওয়া গেলেও ৭ মাস পর ওইদিনই  দুপুরের দিকে মাদ্রাসায় এসেছেন বলে জানান একাধিক শিক্ষক। ৭ মাস পর শিক্ষিকাকে মাদ্রাসায় দেখে জরো হতে থাকেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ নিয়ে দেখা দেয় উত্তেজনা।
জানা যায়, মাদ্রাসার সুপার মাওলানা কামরুল ইসলাম বিগত ৪ মাস ও তার স্ত্রী সহকারি শিক্ষিকা রিপা আক্তার চৌধুরী ৭ মাস যাবত মাদ্রাসায় আসেন না। ৬ মার্চ মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠনকালে  মাদ্রাসায় আসলেও এর পর তাকে মাদ্রাসায় আর আসতে দেখা যায়নি বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি।
জানা যায় , মাদ্রাসা সুপারের স্ত্রী রিপা আক্তার সুপারের গোপন কারসাজিতে অফিস সহকারি  হিসেবে মাদ্রাসায় নিয়োগ পান। চাকরীর দুই বছর পার হলেও বিষটি গোপন থাকে এলাকাবাসীর কাছে। কোন দায়িত্ব পালন না করেই বেতন ভাতা উত্তোলন করতেন রিপা। স্থানীয় একাধিক পত্রিকায় এ নিয়ে খবরও প্রকাশিত হয়। অফিস সহকারি থাকাকালীন কোন দায়িত্ব পালন না করলেও সুপারের একক নৈপুণ্যে মাদ্রাসার সহকারি শিক্ষিকা হিসেবে নিয়োগ পান রিপা। নিয়োগ প্রক্রিয়ার কোন তথ্য জানেন না এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকরা। পদোন্নতি হওয়ার পর মাদ্রাসায় মাঝে মধ্যে আসতেন  রিপা।
জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ভাটিপাড়া হায়দরিয়া মাদ্রাসাটি। ১৯৯৫ সালে সুপার হিসেবে নিয়োগ পান মাওলানা কামরুল ইসলাম। নিয়োগের প্রথম কয়েক বছর দায়িত্ব পালনে সচেষ্ট থাকলেও ধীরে ধীরে তার বেপরোয়া আচরণে মাদ্রাসাটির দাপ্তরিক ও প্রশাসনিক ভিত ভেঙ্গে পরে। কমতে থাকে জেডেসি ও দাখিল পরীক্ষার পাশের হার। প্রতিষ্ঠানের নানা অব্যবস্থাপনার কারণে গত দাখিল পরীক্ষায় মাদ্রাসার পাশের হার  ৫৪% এ নেমে আসে। যা জেলার মাদ্রাসাগুলোর মধ্যে নি¤œতম অবস্থান। মাদ্রাসার এমন ফলাফলে সুপারের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী।
এ দিকে মাদ্রাসার দাপ্তরিক ও প্রশাসনিক কাজে সুপারের জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও অভিভাবকরা। মাদ্রাসা প্রতিষ্ঠাতা গোলাম হায়দার কর্তৃক দেয়া প্রায় ৯ একর জমি থেকে প্রাপ্ত আয় ও মাদ্রাসা তহবিলের কোন হিসাব সুপার দেন না বলে জানান তারা। মাদ্রাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রতিষ্ঠান সংক্রান্ত সকল রেকর্ডপত্র উপজেলা শহর দিরাইয়ে নিজ বাসায় রাখেন সুপার কামরুল ইসলাম।  ৩৫০ শিক্ষার্থীর মাসিক বেতন, ভর্তি, সেশন ফিসহ প্রাতিষ্ঠানিক চাঁদার আয় ব্যয়ের হিসাব দেন না এই শিক্ষক। মাসের পর মাস প্রতিষ্ঠানে না আসলেও সহকারি শিক্ষকদের সাথে বেতন ভাতা ঠিকই তুলতে দেখা যায় এই শিক্ষককে। নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি  বিগত দুই মাসের বেতন উত্তোলনের ছাড়পত্রে স্বাক্ষর না দিলেও সাবেক সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরে অভিনব কায়দায়  নিজের ও স্ত্রী রিপার বেতন ব্যাংক থেকে উত্তোলন করেন সুপার কামরুল।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমীন তালুকদার বলেন, গত ৬ মার্চ মাসে আমি পরিচালনা কমিটির দায়িত্ব পাই। দায়িত্ব গ্রহণের পর থেকে সুপারের অনিয়ম দুর্নীতি দেখে আসছি। বিগত চার যাবৎ তিনি মাদ্রাসায় আসেন নি। শিক্ষকদের হাজিরা খাতায় তার স্বাক্ষর নেই। আমরা বার বার তাকে মাদ্রাসায় আসার জন্যে দিলেও তিনি না এসে বেতনের ছাড়পত্রে স্বাক্ষর নিতে আমার কাছে আসেন।  আমি স্বাক্ষর দেইনি কিন্তু নির্বাহী অফিসারের স্বাক্ষর নিয়ে ঠিকই টাকা উত্তোলন করেছেন তিনি।  তার স্ত্রী সহকারি শিক্ষিকা রিপা আক্তারের মাতৃত্বকালীন ছুটির কোন লিখিত  প্রমাণাদি আমাদের কাছে  দেয়া হয়নি। একজন দায়িত্বহীন শিক্ষককের কবল থেকে প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে প্রশাসনের সাহায্য কামনা করেন তিনি।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার কামরুল ইসলাম মোবাইল ফোনে জানান, আমি মাদ্রাসার দায়িত্ব পালনে সচেষ্ট আছি। বিগত ৪ মাস আমি প্রতিষ্ঠানের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। তবে সহকারি সুপারের সাথে আমার যোগাযোগ ছিল।
দিরাই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানে অনিয়মিত দায়িত্ব পালনে  মাদ্রাসা সুপারের বিষয়ে আমি জানি। তবে টানা ৪ মাস মাদ্রাসায়  অনুপস্থিতির তথ্য আমার জানা নেই। এ বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি কয়েকদিন আগে আমাকে জানিয়েছেন। সুপারকে কারণ দর্শানোর পত্র জারি করার পরামর্শ  দিয়েছি। পরে বিহিত ব্যবস্থা নেয়া হবে।