আকরাম উদ্দিন
তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি জামালগড় যাতায়াত সড়ক ও সেতুর অ্যাপ্রোচ ভাঙাচোরা ও নিচু থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন একাধিক গ্রামের মানুষ। সড়কের দুই পাশে নল খাগড়া বেষ্টিত থাকায় ইঁদুরে মাটি খুড়ে ইট সলিং নষ্ট করছে। এই সড়কে নির্মিত সেতুর অ্যাপ্রোচ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতু নির্মাণ হয়েছে গত ২-৩ বছর আগে। একই সাথে যাতায়াত সড়কেও ইটসলিং করা হয়েছে। সড়কের উভয় পাশে নল খাগড়া জন্ম নিয়ে সড়কের মেঝেতে ঝুলে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ইটসলিং উপড়ে গেছে। সড়কের মধ্যবর্তী স্থানে নির্মিত সেতুর উভয় পাশের সড়ক থেকে সেতুর উচ্চতা অনেক বেশি। তাই সড়কে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে। সড়ক ও সেতুর অ্যাপ্রোচ উন্নয়নের দাবি স্থানীয়দের।
চিকসা গ্রামের পথচারী রশিদ মিয়া বলেন, নল খাগড়া লম্বা হয়ে সড়কের উপর ঝুলে পড়েছে। প্রতিনিয়ত মানুষ ও যান চলাচলে সমস্যা সৃষ্টি করছে। এই সুযোগে ইঁদুরে সড়কের মাটি তুলে ইট উপড়ে ফেলছে।
স্থানীয় বাসিন্দা সিতারা মিয়া বলেন, আমাদের ভাটি জামালগড় গ্রামের সহস্রাধিক মানুষ এই একমাত্র সড়ক দিয়ে আসা-যাওয়া করেন। বর্ষায় কয়েক মাস সড়কটি ডুবে থাকে পানিতে। মানুষজন চলাচলের উপযোগি করে সড়ক পাকাকরণের দাবি আমাদের।
গ্রামের বাসিন্দা হোসেন মিয়া বলেন, ভাটি জামালগড় গ্রামের হাজারো মানুষের আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। সড়কে ইট সলিং আছে কিন্তু পাকাকরণ নেই। এই কারণে সড়কের বিভিন্ন স্থানের ইট উপড়ে যাচ্ছে।
শিক্ষক মোহাম্মদ লিটন বলেন, ভাটি জামালগড় গ্রামের সড়ক দিয়ে শিশু শিক্ষার্থীরা চলাচল করে থাকেন। সড়কে নির্মিত সেতুর অ্যাপ্রোচে মাটি ভরাট করে পুরো সড়কটি পাকাকরণের ব্যবস্থা করা প্রয়োজন।
শিক্ষিকা পলি রায় বলেন, জামালগড় গ্রামের মেইন সড়ক থেকে ভাটি জামালগড় গ্রাম পর্যন্ত সম্প্রতি সড়ক নির্মাণ হয়েছে। এই সড়কটি ইট সলিং করার আগে থেকে ওলি রোড নামে পরিচিত ছিল। এখন ভাটি জামালগড় সড়ক নামে প্রচার হয়েছে। সড়কটি এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কের যথাযথ উন্নয়নের প্রয়োজন রয়েছে।
তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. বুরহান উদ্দিন বলেন, ভাটি জামালগড় সড়কটি একটু হওয়ায় বন্যায় তলিয়ে যায়। সড়ক যারা ব্যবহার করেন, তাদেরও দায়িত্ব নিতে হবে সড়কের দুই পাশের নলখাগড়া পরিস্কার করার। তখন ইঁদুরে সড়ক খুঁড়ে মাটি তুলতে পারবে না। আমি এই সড়ক আরও উঁচু করে পাকাকরণের ব্যবস্থা করব।
- মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
- ‘গার্ড অব অনার’ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সুপারিশের প্রতিবাদে মানববন্ধন


