স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার (সিলেট) নীরাজ কুমার জায়সওয়াল বলেছেন, সুনামগঞ্জের মানুষ বড় দুর্যোগ মোকাবেলা করছেন, সরকার তাদের পাশে রয়েছে, বেসরকারি সহায়তাও তারা পাচ্ছেন, এখানকার মানুষ পরিশ্রমি, নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়াবেন।
রোববার দুপুরে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এসময় সুনামগঞ্জ পৌরসভা মেয়র নাদের বখ্ত উপস্থিত ছিলেন।
পরে ১০০ জন বন্যার্তদের মধ্যে চাল, ডাল, আলু, মুড়ি, স্যালাইন, লবণ, পানি, মোমবাতি, সোয়াবিন তেল ও গুড়ের একশ’ পেকেট তুলে দেন নীরাজ কুমার জায়সওয়াল। এর আগে একইভাবে ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুরের বন্যার্তদের মধ্যে ত্রাণ তুলে দেন ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।
ছাতক ও দোয়ারাবাজারে ত্রাণ বিতরণের সময় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং তাহিরপুরের ত্রাণ তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল’এঁর কাছে সমঝে দেওয়া হয়।
ছাতক
ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার জাউয়া ডিগ্রি কলেজে ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মি.নিরাজ কুমার জায়সওয়াল।
এ সময় ভারতীয় হাইকমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারি এন কে গঙ্গোপাধ্যায়, জাউয়াবাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশঙ্কর ভৌমিক, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খান, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মাস্টার জসিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, আমতর আলী, আওয়ামী লীগ নেতা কবির আহমদ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মুহিবুর রহমান মানিক এমপি দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত অসহায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ফেনীর স্বপ্ন যাত্রা, দাগন ভুঁইয়া প্রবাসী ফোরাম ও এলাকার প্রবাসী সুরুজ মিয়ার অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউ পি চেয়ারম্যান বিল্লাল আহমদ, প্রবাসী সুরুজ মিয়া,স্থানীয় আশিকুর রহমান মাসুক প্রমুখ উপস্থিত ছিলেন।


