এমএ রাজ্জাক, তাহিরপুর
ভারতীয় এক কিশোরী আর্ন্তজাতিক সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশ হেফাজতে রয়েছে। কীভাবে সে বাংলাদেশে এসেছে, তা পরিস্কার করে বলতে পারছে না। একেক সময়, একেক কথা বলছে। ঐ কিশোরী জানিয়েছে তার নাম শ্রুতি পাল (১৩)। তার বাবার নাম মৃত গণেষ পাল এবং মা মৃত দুর্গা পাল। শনিবার রাত সাড়ে ৯ টায় শ্রুতি পাল কে পুলিশের হেফাজতে নেয়া হয়। পুলিশের কাছে শ্রুতি নিজেকে ভারতের শিলিগুড়ির গণেশ পাল ও দুর্গা রাণী পালের মেয়ে বলে পরিচয় দিয়েছে। এছাড়া সে আর
কিছু বলতে পারছে না।
স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার বিকালে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি বাজারে শ্রুতি পাল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ঘুরাফেরা করার সময় হিন্দি ভাষায় কথা বলতে থাকে। বিষয়টি বাজারবাসীর নজরে পড়ে। পরে স্থানীয় লোকজন বড়দল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য করবুল নেছার বাড়িতে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেয় শ্রুতিকে। শ্রুতি’র কথা বার্তা স্থানীয় লোকজন বুঝতে সমস্যা হওয়ায়, শনিবার রাত সাড়ে ৯ টায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
থানায় তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, শ্রুতি পাল পরিবারের সদস্য বা নিকটাত্মীয়ের পরিচয় কিংবা ফোন নাম্বারও দিতে পারছেন না। বলছে তার আর কোন ভাই-বোনও নেই।
কীভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে? এমন প্রশ্নের জবাবে শ্রুতি কখনো কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে, আবার কখনও বাসযোগে শিলিগুঁড়ি থেকে মেঘালয়ে এসেছে এবং ওখান থেকেই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানায়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন,‘অপ্রাপ্ত বয়স্ক এই ভারতীয় কিশোরীকে নিয়ে অনেকটা বিপাকে পড়েছি আমরা, আপাতত থানায় সাধারণ ডায়েরি করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে সিলেটে নিরাপত্তা হেফাজতে পাঠানো হবে।’
- পুরো জেলাকে ৬ পুলিশ সার্কেলে বিভক্ত
- বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি- পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট মন্ত্রীর কাছে


