স্টাফ রিপোর্টার
স্থগিত হওয়া সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার। ঐ দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচারণাও জমে ওঠেছে। ক্রীড়া সংস্থার ভোটারদের কাছে ভয়েস কল, ভিডিও কল দুইভাবেই ভোট চাইছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।
গত ৪ এপ্রিল সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে গত ২৫ মার্চ নির্বাচন স্থগিত করা হয়েছিল।
এই নির্বাচনে সহ-সভাপতি পদে-নাজির আহমেদ চৌধুরী, পারভেজ আহমেদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ ও ইশতিয়াক শামীম, সাধারণ সম্পাদক পদে-জি.এম তাশহিজ ও দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. জমিরুল হক তালুকদার ও রেজওয়ানুল হক রাজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ ও উজ্জ্বল বখত, কোষাধ্যক্ষ পদে সাজিদুর রহমান ও আব্দুল্লাহ আল নোমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৮ জনের মনোনয়ন জমা দেয়া হয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন ও পুরুষ সদস্য পদে ২ জন মনোনয়ন জমা দেন।
মন্ত্রীপরিষদ বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে শর্ত সাপেক্ষে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতিদ্বন্দী প্রার্থী এবং ভোটারগণকে আবশ্যিকভাবে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ সামাজিক দূরত্ব (কমক্ষে ৫ ফুট) বজায় রেখে প্রচার প্রচারণা চালাতে হবে। কোনরূপ সভা, সমাবেশ, গণজমায়েত, মাইকিং, শোডাউন বা র্যালি করা যাবে না। দুই জনের বেশী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। অনলাইন/ভার্চ্যুয়াল মাধ্যমে প্রচারণা, নির্বাচনের দিন ভোটকেন্দ্র সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের ২০০ গজের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। ভোটকেন্দ্রের ২০০ গজের বাইরে ক্যাম্পেইন, গণজমায়েত বা সমাবেশ এবং যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনে নিয়োগকৃত কর্মকর্তা ও আইনশূঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। ৫ ফুট দূরত্ব রেখে ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে। ভোটগ্রহণের নির্ধারিত তারিখের পূর্বে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ এর কার্যলয়ের গোপনীয় শাখা থেকে প্রবেশ কার্ড সংগ্রহ করতে হবে। প্রবেশ কার্ড ছাড়া কেউ নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। নির্বাচনী কেন্দ্রের আশেপাশে ব্যানার, ফেস্টুন, পোস্টার বা প্রতিকৃতি রাখা যাবে না। নির্বাচনে কোন প্রতীক বরাদ্দ করা হবে না। প্রার্থীর নামের অনূকূলে স্বাক্ষর প্রদান করতে হবে। এজন্য ভোটারদেরকে কলম নিয়ে আসতে হবে। ইতোমধ্যে কোন প্রতিদ্বন্দী প্রার্থী বা ভোটার কোভিড- ১৯ শনাক্ত হয়ে থাকলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ কওে আগামী ২২ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে।
- জগন্নাথপুরে ছয় ব্যবসায়ীকে অর্থদণ্ড
- এ্যাপ্রোচ সড়ক ও টোল প্লাজা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মানিক


