ভাষাসংগ্রামী ও প্রবীণ শিক্ষক মু. আবদুর রহীম আর নেই

স্টাফ রিপোর্টার
ভাষা সৈনিক, সাহিত্যিক ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কিংবদন্তীতূল্য শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মুহাম্মদ আবদুর রহীম (৯৭) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৮.৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ষোলঘরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল দুপুরে তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার আলমপুর গ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পাঁচটায় ষোলঘর স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে ষোলঘর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। মুহাম্মদ আবদুর রহীম দীর্ঘদিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
উল্লেখ্য, মুহাম্মদ আবদুর রহীম ১৯৪৭ সালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাশ করেন। সুনামগঞ্জ কলেজ থেকে আই.এ. এবং সিলেটের মুরারী চাঁদ কলেজ থেকে বি.এ. পাশ করেন। বাংলার শিক্ষক হিসাবে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১৯৮৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেন তিনি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সাহিত্য সাধনায় নিমগ্ন ছিলেন।
মরহুম মু: আব্দুর রহীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি ও প্রবীণ হিতৈষী সংঘের পক্ষে সংগঠন দুইটির সভাপতি ডা. মুনওয়ার আলী।