ভাসান পানিতে মাছ ধরার জেলা প্রশাসকের ঘোষণা প্রশংসাযোগ্য

‘‘সুনামগঞ্জে যে সকল জলমহাল উন্মুক্ত আছে সেগুলো হাওরের ফসলহারা কৃষক-জেলেদের জন্য উন্মুক্ত রাখা হবে। এছাড়া ইজারাকৃত প্রতিটি জলমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং সীমানার বাইরে ক্ষতিগ্রস্ত সাধারণ কৃষক ও জেলেরা মাছ ধরতে পারবেন। কৃষক ও জেলেদের স্বার্থে বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’’ উদ্ধৃতি চিহ্নের ভিতরের বাক্যগুলো গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে ছাপা হয়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলামের বরাত দিয়ে। জালালাবাদ এসোসিয়েশনের সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে বৃহস্পতিবার জেলা প্রশাসক এই কথাগুলো বলেছেন। ইজারাদার ও পিআইসি কর্তৃক বাঁধের কাজ না করায় এবার প্রায় শতভাগ বোরো ফসল হানির পর বিভিন্ন মহল থেকে একবছরের জন্য জেলার সকল জলমহালের ইজারা বাতিল করে ক্ষতিগ্রস্ত কৃষক-জেলেদের জন্য উন্মুক্ত করে দেয়ার জোরালো দাবি জানানো হয়। এই দাবিটি জাতীয় পর্যায়ে দেশের শীর্ষ রাজনীতিক-চিন্তক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থন করেছিলেন। এরসাথে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করার আরেকটি প্রধান দাবিও ছিল। কিন্তু কার্যত সরকার এই দুই দাবির কোনটিই মেনে নেয় নি। না দুর্গত এলাকা ঘোষণা না জলমহালের ইজারা বাতিল। অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে সরকারি সাহায্য প্রদানের পরিমাণও হতাশাজনক। অতীতে যেসব কৃষক পরিবার কখনও সাহায্যের মুখাপেক্ষী ছিলেন না এবার সেইসব মধ্যবিত্ত কৃষক পরিবারগুলোও সংকটে পড়েছেন। এই শ্রেণিটির পুনর্বাসনে সরকারের কার্যত কোন উদ্যোগ নেই। সীমিত আকারে যে ওএমএস ও ভিজিএফ কর্মসূচি চালু রয়েছে তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এমন অবস্থায় জেলা প্রশাসকের বর্ণিত আশ্বাস কিছুটা হলেও আশাব্যঞ্জক। তবে এই কথাগুলো তখনই স্বার্থকতা পাবে যখন এর বাস্তবায়ন ঘটবে। বিদ্যমান সামাজিক ক্ষমতা কাঠামোয় জেলা প্রশাসক তাঁর প্রতিশ্রুতি কতোটা বাস্তবায়ন করতে পারেন সেজন্য সামনের আরও কিছু দিন অপেক্ষা করে থাকতে হবে। তবে আমরা জেলা প্রশাসকের এমন আশ্বাসবাণীকে স্বাগত জানাই।
হাওর এলাকায় ভাসান পানিতে মাছ ধরার অধিকার আদায়ে এলাকার জেলে-কৃষকদের রক্তক্ষয়ী এক দীর্ঘ ইতিহাস রয়েছে। একটা সময় ছিল যখন ইজারাদাররা হাওরে দূরের কথা বাড়ির পুকুরেও মাছ ধরতে বাধা দিত। এই অন্যায়ের প্রতিবাদে জেলে-কৃষকরা ধারাবাহিক আন্দোলন করে এক সময়ে ভাসান পানিতে মাছ ধরার অধিকার আদায় করে নিতে সমর্থ হন। কিন্তু কার্যক্ষেত্রে এখনও বিভিন্ন জলমহাল এলাকায় ইজারাদারদের দৌরাত্মে জেলে-কৃষকরা হাওর এলাকায় মাছ ধরতে নানা ধরনের বাধা নিষেধের সন্মুখীন হন। জেলা প্রশাসক যে ঘোষণা দিয়েছেন সেটি বাস্তবায়ন করতে চাইলে বিল (জলমহাল) এলাকা লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দিতে হবে এবং এর বাইরে মাছ ধরায় নিয়োজিত জেলে-কৃষককে বাধা দিলে ইজারাদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে বিভিন্ন জলমহাল মামলায় জড়িত থাকার কারণে ইজারা বন্দোবস্তের বাইরে থেকে যায়। এরকম জলমহালগুলোও যাতে ক্ষতিগ্রস্ত কৃষক-জেলেরা বিকল্প কর্মসংস্থানের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন সেই ব্যবস্থা করে দেয়ার জন্যও আমরা জেলা প্রশাসনকে অনুরোধ জানাই। সবচাইতে বড় বিষয় হলো যেভাবে হোক কৃষক পরিবারগুলোকে টিকিয়ে রাখতে হবে। এটি দরকার কৃষিভিত্তিক বাংলাদেশের মেরুদ- ঠিক রাখার জন্য। কৃষকরা যদি কৃষিক্ষেত্র থেকে বিদায় নিতে বাধ্য হন তখন যে বিপর্যয় নেমে আসবে তা মোকাবিলা করতে ভীষণ বেগ পেতে হবে।
জেলা প্রশাসক অত্যন্ত সরল ও সৎ দৃষ্টিভঙ্গি নিয়ে যে ঘোষণা দিয়েছেন এলাকার মানুষের স্বার্থে, এখন পুরো প্রশাসনকাঠামোকে এর সাথে একাত্মতা পোষণ করতে হবে। নতুবা শীর্ষ প্রশাসনিক আধিকারিকের এই ভাল ঘোষণা বাস্তবায়ন দূরুহ হবে।