ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে কর্মশালা

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্যবিভাগ পৌর শহরের ইপিআই ভবনে সকালে এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. আশরাফুল হক।
কর্মশালায় জানানো হয়, সুনামগঞ্জ জেলায় ১১জানুয়ারি শনিবার প্রায় চার লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ২ হাজার ২১৭টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। সুনামগঞ্জ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু আছে ৪৩ হাজার ৪৭৬টি, ১২ থেকে ৫৯ মাস বয়সীয় শিশুর সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ২০৯টি। এ ছাড়া ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশু আছে ৪ হাজার ৩৮৪টি। সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার ২ হাজার ২১৭টি কেন্দ্রে ৫ হাজার ৪৭৯জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জেলার দুর্গম হাওর এলাকায় বাদপড়া শিশুদের অনুসন্ধান এবং তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১২ থেকে ১৫ জানুয়ারি বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হবে।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. স্বপন কুমার পাল।
উপজেলা ইপিআই টেকনিশিয়ান রবি রঞ্জন চন্দ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, মেডিকেল অফিসার ডা. মৌমিতা চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, থানার এস আই মোহাম্মদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর তাপস চক্রবর্তী, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার পিনাকী সরকার প্রমুখ।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সকল মাঠকর্মী, জনপ্রতিনিধি, ইমাম প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।