ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার
ভিটামিন ‘এ’র অভাবজনিত শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে আগামী ৫ আগস্ট শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হেেয়ছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার সকালে শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন    অফিস এই কর্মশালার আয়োজন করে। সিভিল সার্জন ডা. আশুতোষ দাশের সভাপতিত্বে কর্মশালায় অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মোজাম্মেল হক। কর্মশালায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ সাংবাদিকদের জানান, শিশুদের অন্ধত্ব দূর করতে সরকার বিশেষ এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সুনামগঞ্জ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩০৩৬ জন শিশুকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৪৪০৩৬ জন শিশুকে, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী ৪৪৮ জন শিশুকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জেলার ১১ উপজেলায় ৮৮ ইউনিয়নের মধ্যে মোট ২২৭৮ টিকাদান কেন্দ্র রয়েছে। স্বেচ্ছাসেবী রয়েছে ৬১২৯জন। এ ছাড়াও ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র রয়েছে ৩৬টি। প্রতিটি কেন্দ্রে ৩ জন করে স্বেচ্ছাসেবক থাকবে। তিনি বলেন, কাঁচি দিয়ে কেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। কোনো অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। জেলার দুর্গম এলাকা বিশেষ করে ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন স্থানের বাদ পড়া শিশুদের অনুসন্ধান করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’ কর্মশালায় জেলা সদরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।