ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

স্টাফ রিপোর্টার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন,‘আগামী ১০ ডিসেম্বর ২য় রাউন্ড ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সকল স্থানে তদারকি বাড়ানো হবে। যাতে সকল শিশুকে ‘এ’ প্লাস ভিটামিন খাওয়ানো যায়। সূর্যের আলো থেকে নিরাপদে রেখে খোলামেলা জায়গায় ওষুধ খাওয়ানো হবে শিশুদের। এবার জেলায় লক্ষ্যমাত্রা রয়েছে ৪০৭৭২৯। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৭৫২৩ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৩৩২৫০৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। জেলার ৮৮ ইউনিয়নের ২২৯৯ কেন্দ্রে ক্যাম্পেইন করা হবে।’ সকল কেন্দ্রে সকল শিশুকে ভিটামি ‘এ’ প্লাস খাওয়ানোর আহ্বান জানান তিনি।
কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড চেইন টেকনিশিয়ান মো. ফজলুল করিম।