ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক যা বললেন

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘অপরূপ প্রাকৃতিক দৃশ্য হাওড়, জলাভূমি, নদী-নালা সমৃদ্ধ সুনামগঞ্জ জেলা অর্থাৎ মানুষের চিত্তকে আকর্ষণ করে এরকম সবকিছু সুনামগঞ্জ জেলায় বিদ্যমান।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব তথা শিক্ষা মন্ত্রণালয়ের অক্লান্ত প্রচেষ্টায় শিক্ষা ক্ষেত্রে এ সরকারের সাফল্যের বর্ণনা করে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে সৃজনশীল পদ্ধতির প্রয়োগ, বছরের ১ম দিনে পাঠ্য বই প্রদান, নির্ধারিত তারিখে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান, অবকাঠামো উন্নয়ন, ব্যাপক হারে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, মিড ডে মিল চালু, শিক্ষা নীতি প্রণয়ন ও বাস্তবায়ন শিক্ষা ক্ষেত্রে একটি বিপ্লব এসেছে।  শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও ক্লাসে মাল্টিমিডিয়ার ব্যবহারের ফলে শিক্ষার গুণগতমান বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আপনি গত ১৩ আগস্ট দেশের ২০০১টি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন যার মধ্যে সুনামগঞ্জ জেলায় আছে ৩৯টি। যা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসমি পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে সুনামগঞ্জ জেলার সাথে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এসব কথা বলেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে সুনামগঞ্জ জেলার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ায় সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ কৃতজ্ঞতা জানান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের সদস্যসহ যাঁরা শাহাদৎ বরণ করেছেন তিনি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।