স্টাফ রিপোর্টার
শাল্লার হবিবপুর ইউনিয়নের প্রত্যন্ত হাওর এলাকা আগুয়াই-শ্বাসখাই বাজারের মধ্যবর্তী স্থানে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’ আজ ভিডিও কনফারান্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই প্রকল্পের উদ্বোধন করবেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সহ জেলার সকল সংসদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, সোলার বিদ্যুৎ প্রকল্পের ৭ জন উপকারভোগী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
৪০০ গ্রাহক এই প্রকল্প থেকে বিদ্যুৎ সংযোগ পাবেন। ঠিকাদারী প্রতিষ্ঠান রহিমা আফরোজ এই প্রকল্পের কাজ করছে।
‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’ ৪ একর ভূমির উপর নির্মিত হয়েছে। এই প্রকল্পে ২৩২২ টি সোলার প্যানেল ও ৫৪০ টি ব্যাটারী ব্যবহার করা হয়েছে। প্রকল্প থেকে বিদ্যুৎ পাবে আগুয়াই, শ্বাসখাই বাজার, বিলপুর, সরসপুরসহ ১৬ টি পাড়ার ৪শ’ পরিবার। প্রকল্প থেকে মিটার সংযোগ হবে পল্লী বিদ্যুতের নিয়মে। প্রত্যেক গ্রাহককে সংযোগের জন্য ব্যয় করতে হবে ৭০৩ টাকা, নিরাপত্তা জমা ৩৭৫ টাকা দিতে হবে।


