ভিন্ন আঙ্গিকে বর্ষবরণ আজ

স্টাফ রিপোর্টার
স্বাগত, নতুন বঙ্গাব্দ ১৪২৮। প্রতিকূল পরিস্থিতিতে থমকে আছে সারাবিশ্ব, কিন্তু তাতে কী? করোনাভাইরাসের বিরুদ্ধে মানবসভ্যতা রক্ষার যুদ্ধে বাংলা নতুন বছরের আয়োজনকে চার দেয়ালের মধ্যে নিয়ে এসে দেশের মানুষ আজ বরণ করছে নতুন বছরকে। বিগত বছরের গ্লানি, জরা, আবর্জনা ভাসিয়ে দিয়ে ঘরে থেকেও প্রাণের তানপুরায় মানুষ শুনছে বাঙালির বর্ষবরণের আবহমান সুরধ্বনি। ইথারে ভেসে আসা কল্লোলে কণ্ঠ মিলিয়ে আজ বাঙালি গেয়ে উঠছে, ‘এসো হে বৈশাখ, এসো এসো।’
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ বুধবার সকাল ১০টায় এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের গুগল ফরমের লিংক প্রতিযোগিতা শুরু হওয়ার ১০ মিনিট পূর্বে জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর ফেসবুক পেজ DC Office, Sunamganj এবং DC Sunamganj আইডিতে পাওয়া যাবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকলকে অনুরোধ করা জানানো হয়।
এদিকে বাংলা নববর্ষ ১৪২৮ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ এর ফেসবুক পেজ এ অনুষ্ঠানটি দেখা যাবে।