স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার ভীমখালী বাজারের ইজারা দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগ করেছেন দরপত্রদাতা জসিম উদ্দিন দিলীপ। বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে এই অভিযোগ দাখিল করেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বুধবার জামালগঞ্জ উপজেলা দরপত্র বাক্স খোলার পর ভীমখালী বাজারের দুইটি ইজারা দরপত্র ও জেলা প্রশাসক কার্যালয়ের একটি দরপত্রসহ মোট তিনটি দরপত্র ছিল। দরপত্র বাক্স খোলার সময় কমিটির সদস্যগণ জসিম উদ্দিন দিলীপকে সর্বোচ্চ দরদাতা ঘোষণা করেন এবং উপস্থিত সদস্য হিসাবে স্বাক্ষর করেন। কমিটির সদস্যগণ ও জসিম উদ্দিন দিলীপ অফিস থেকে চলে আসার পর অফিসের একজন কর্মচারীর যোগসাজসে আরও একটি দরপত্র গ্রহণ করা হয় এবং সর্বোচ্চ দরদাতা দেখানো হয়। এই ঘটনার খবর পেয়ে রাতে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দরপত্র কমিটির অন্যান্য সদস্যদের বিষয়টি জানানো হয়। এসময় তাঁরা সবাই তিনটি দরপত্রের মধ্যে জসিম উদ্দিন দিলীপ সর্বোচ্চ দরদাতা বলে জানান।
এ ব্যাপারে ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মূল্যায়ণ কমিটির সদস্য মো. আব্দুল মান্নান বলেন, ‘দরপত্রের বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করুন। আমরা এ মাসের ২৯ ফেব্রুয়ারী মুল্যায়ণ কমিটির সভায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মূল্যায়ণ কমিটির সদস্য সামছুল আলম ঝুনু’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখন বলা যাবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘ভীমখালী বাজারের ইজারা দরপত্রমুলত ৪টি জমা পড়েছে। চেয়ারম্যান সাহেব ভুলক্রমে ৩টি দেখেছেন, এটাই ভূল।’


