ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান-ফেঁসে যাচ্ছেন দিরাই উপজেলা কমান্ডার

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলায় মুক্তিযোদ্ধার ভূয়া নাতনী পরিচয়ে সাবিকুন বেগম নামে এক মহিলা কন্সষ্টেবলের বিরুদ্ধে পুলিশ বাহিনীতে চাকুরী গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুলিশ সুপারের নির্দেশে সহকারী পুলিশ সুপার হেডকোয়ার্টার তাপস রঞ্জন ঘোষ অভিযোগটির তদন্ত করে এর সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।
যার ফলে ভুয়া সনদ প্রদানের দায়ে ফেঁসে যাচ্ছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানসহ সংশ্লিষ্টরা। দিরাই থানার ওসি আবদুল জলিল জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে উপজেলা কমান্ডার আতাউর রহমানসহ সংশিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশ মোতাবেক মামলার প্রস্তুতি নেয়া
 হচ্ছে। তবে তদন্ত কর্মকর্তার কাছে অভিযুক্ত দিরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান তার নিজের দেয়া মুক্তিযোদ্ধা প্রত্যয়ন পত্রটিতে তার স্বাক্ষর সঠিক নয় বলে দাবি করেছেন।  
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন চাঁন্দপুর গ্রামের সহিদ নুরে কন্যা মোছা. সাবিকুন বেগম একই উপজেলার ভরারগাঁও গ্রামের মৃত উমর উল্লাহর পুত্র মুক্তিযোদ্ধা আমান উল্লাহর নাতনী পরিচয়ে মুক্তিযোদ্ধার নাতনী সনদপত্র তৈরি করে গত বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে মহিলা কনষ্টেবল পদে চাকুরী নেয়। ৫০ হাজার টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা আমান উল্লাহ ও দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আতাউর রহমান ভূয়া মুক্তিযোদ্ধার নাতনী সাজিয়ে সাবিকুন বেগমকে সনদপত্র প্রদান করেন। পরে এলাকায় বিষয়টি জানাজানি হওয়ার পর চানপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র খেজির আলম দিরাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাবিকুন বেগমের অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে প্রেরণ করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশে সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, মিথ্যা সনদ দিয়ে চাকুরী পাওয়ার ক্ষেত্রে নারী কনস্টেবলকে সহযোগিতা করায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করায় উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্তকারী কর্মকর্তা তাপস রঞ্জন ঘোষ জানান, সার্বিক অনুসন্ধান, পারিপার্শ্বিকতা, জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় জানা গেছে, নারী কনস্টেবল ছাবিকুন বেগম মিথ্যা তথ্য দিয়ে আমান উল্লাহর নাতনী পরিচয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন। তাই মুক্তিযোদ্ধা আমান উল্লাহ তার মুক্তিযোদ্ধা সনদ কথিত নাতনী ছাবিকুন বেগমকে ব্যবহার করতে দিয়ে আইন বহির্ভুত কাজ করেছেন।