সু.খবর ডেস্ক
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে দু’জনের মরদেহ দেশে আনা হচ্ছে। ওই সাতজনের মধ্যে জয় তালুকদারকে বহনকারী উড়োজাহাজ শনিবার বেলা সাড়ে তিনটায় ঢাকায় অবতরণ করার কথা। উড়োজাহাজটি ১০ ফেব্রুয়ারি ইতালি থেকে রওনা দেবে। আর কামরুল হাসান বাপ্পীর মরদেহ আসবে রোববার। তাদের স্বজনদের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে যোগাযোগও করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অপর পাঁচজনের মরদেহও খুব দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দূতাবাস।
জয় তালুকদার ওরফে রতনের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার পিয়ারপুর গ্রামে। কামরুল হাসান বাপ্পীর বাড়িও মাদারীপুর সদর উপজেলায়।
এর আগে মৃতদের পরিচয় প্রকাশের পাশাপাশি তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জরুরি নোটিশ দেয় দূতাবাস। ওই নোটিশে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি ২০২২ লিবিয়া হতে ইতালি আসার পথে অতিরিক্ত ঠাণ্ডায় মৃত্যুবরণকারী অভিবাসী প্রত্যাশী সাত বাংলাদেশির পরিচয় নিরুপণের জন্য শ্রমকল্যাণ কাউন্সিলর মো. এরফানুল হকের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মৃত্যুবরণকারীদের সঙ্গে আগমনকারী উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলেন।
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে অবস্থিত হট স্পট ক্যাম্পে অবস্থানকারীদের সঙ্গে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ পরিচালিত হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারীদের পরিচয় প্রদান করা হয়। তারা হলেন—
১. ইমরান হোসেন, গ্রাম: পশ্চিম পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
২. রতন/জয় তালুকদার, গ্রাম: পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
৩. সাফায়েত, গ্রাম: ঘটকচর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
৪. জহিরুল, গ্রাম: মোস্তফাপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
৫. বাপ্পী, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
৬. সাজ্জাদ, গ্রাম: মামুদপুর, উপজেলা: জামালগঞ্জ, জেলা: সুনামগঞ্জ।
৭. সাইফুল, উপজেলা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
নোটিশে বলা হয়েছে, ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে মৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া মৃতদের সঙ্গে কোনো ধরনের শনাক্তকারী নথি না থাকায় শনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে।
সূত্র : সমকাল


