ভূমিহীন পরিবারকে ভাসমান ঘর প্রদান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড়ে এক ভূমিহীন পরিবারের মাঝে ভাসমান ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বেসরকারী অর্থায়নে পরীক্ষামূলকভাবে ড্রামের উপর তিন রুম বিশিষ্ট এই ভাসমান ঘর নির্মাণ করা হয়। সোমবার বিকালে উপজেলার পলাশ ইউনিয়নের প্যারীনগর গ্রামের ভূমিহীন ও গৃহহীন সমীর দাশ কে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, পলাশ ইউপি চেয়ারম্যান মো. সোহেল আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, স্থানীয় ইউপি সদস্য যোগেশ চন্দ্র দাশ, উপজেলা প্রশাসনের আইসিটি টেকনিশিয়ান মো. আলাল উদ্দিন প্রমুখ।
জানা যায়, ভূমিহীন সমীর দাশ স্ত্রী সন্তানসহ আট সদস্যের পরিবার নিয়ে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছিল। সম্প্রতি প্রলয়ংকারী বন্যার সময় স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, হাওর অঞ্চলে অনেক লোকজন ছোট ছোট ঘরবাড়ি নির্মাণ করে জীবনযাপন করেন। এতে বন্যা আসলে নানা সমস্যায় জর্জরিত হন। এমতাবস্থায় হাওর অঞ্চলে বর্ষা মৌসুমে যাতে সুবিধা হয় এ জন্য পরীক্ষামূলকভাবে ভাসমান ঘরটি নির্মাণ করে ভূমিহীন গৃহহীন সমীর দাস কে হস্তান্তর করা হয়। ভাসমান ঘরটি যদি টেকসই ও পরিবেশ সম্মত হয় তাহলে ভবিষ্যতে ভাসমান ঘর নির্মাণ প্রকল্প হাতে নেয়া যেতে পারে।