দেশব্যাপী সাড়ম্বরে পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ। সপ্তাহ উপলক্ষে ভূমি প্রশাসনের উদ্যোগে সভা সেমিনার র্যালি ইত্যাদি আয়োজন হচ্ছে নানা জায়গায়। যেকোন দিবস কিংবা সেবা সপ্তাহ পালনের উদ্দেশ্য থাকে সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে ব্যাপক জনগোষ্ঠীকে সচেতন ও সম্পৃক্ত করা। ভূমি সেবা সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য আসলে কী, আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে নিশ্চিত ভাবেই যেসব বিবেচনা সামনে আসবে তা হলো (ক) সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনার সম্পর্কে সম্যক ধারণা প্রদান, (খ) ভূমি ব্যবস্থাপনাকে সেবাগ্রহীতার নিকট সহজলভ্য ও বিড়ম্বনা মুক্ত রাখা, (গ) সেবার সম্প্রসারণ ও মানোন্নয়ন। এইসব বিবেচনার ভিত্তিতে যদি আমরা বাংলাদেশের ভূমি সেবার মান নিয়ে পর্যালোচনা করি তাহলে কী দেখতে পাব? নিশ্চিতভাবেই আমাদের অভিজ্ঞতা এক্ষেত্রে একেবারেই অনভিপ্রেত ও হতাশাব্যঞ্জক। বাংলাদেশে যতগুলো সেবা খাত রয়েছে তন্মধ্যে সবচাইতে জটিল ও দুর্নীতিযুক্ত ব্যবস্থা হিসাবে একে চিহ্নিত করা হলে অতিরিক্ত হবে না। ভূমি সেবা সংক্রান্ত প্রতিটি সরকারি দপ্তর যেমনÑ সাব রেজিস্ট্রি অফিস, সেটেলম্যান্ট অফিস, এসি ল্যান্ড অফিস, তহশিল অফিস ইত্যাদি জায়গায় সেবাগ্রহীতা প্রতিটি মানুষের বিড়ম্বনার অন্ত নেই। সুনামগঞ্জ জেলায় বিগত কয়েক বছর যাবত ভূমি জরিপের ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে। এই জরিপ নিয়ে ভূমির মালিকদের বিড়ম্বনার অন্ত নেই। বিশেষ করে নিরীহ এবং আইনমান্যকারী মালিকপক্ষ এই অফিসের রন্ধ্রে রন্ধ্রে থাকা অনিয়ম-দুর্নীতি এবং নানা কারসাজির কারণে পদে পদে খরচান্ত ও বিড়ম্বিত হচ্ছেন। মানুষ নিজের বৈধ সত্ব রক্ষায় যখন বারবার টাকা খরচ করতে বাধ্য হন তখন তার মনে যে অসন্তুষ্টি দানা বাঁধে সেটি শেষ পর্যন্ত রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে পুঞ্জিভূত হয়। ভূমি জরিপ বাদ দিন। সাবরেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে এসে ক্রেতা রেজিস্ট্রি খরচের নামে যে পরিমাণ অর্থ মোহরির হাতে তুলে দেন তার কত শতাংশ সরকারি ফিস আর কত শতাংশ সংশ্লিষ্টদের উৎকোচ সেই তথ্য কি কেউ কখনও জানতে পেরেছেন? এসি ল্যান্ড ও তহশিল অফিসে জমি নামজারি, নামখারিজ ইত্যাদি সেবা নিতে আসা মানুষজনও পদে পদে দুর্ভোগের শিকার হন। এরকম অবস্থা বহাল রেখে ভূমি সেবা সপ্তাহ সাড়ম্বরে পালন করার মাঝে কী তাৎপর্য থাকতে পারে সেটি আমরা বুঝতে অক্ষম।
বিভিন্ন এসি ল্যান্ড অফিসে ইদানিং সেবার মান বাড়ান্ োও টাউটমুক্ত করার একটি শুভ প্রবণতা লক্ষ্য করা গেছে। এই অফিসগুলোতে সেবাকর্নার চালু করা হয়েছে। বিশেষ করে যেসব এসি ল্যান্ড তরুণ তাঁরা কিছুটা সেবাদানে আন্তরিক থাকেন বলে আমরা দেখতে পাই। কিন্তু এতে সার্বিক সেবা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়ে গেছে একথা বলার অবকাশ এখনও তৈরি হয়নি। আসলে সেবা সপ্তাহ পালন করাটা তখনই স্বার্থক হবে যখন সেবাদাতা ও গ্রহীতা উভয় পক্ষের মধ্যে ন্যায়সঙ্গত ও আইনসম্মত একটি সম্পর্ক গড়ে উঠে। বৈধ সত্ব প্রাপ্তিতে কোন ঝামেলা নয় পক্ষান্তরে অবৈধ সত্ব কখনও নয়, এমন একটি নীতিবোধ দ্বারা যখন ভূমি সেবা দানকারী অফিসসমূহ পরিচালিত হবে তখনই ওই প্রত্যাশিত সম্পর্কটি গড়ে উঠবে। এর আগ পর্যন্ত কোনকিছুই নিছক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে দাঁড়াতে পারবে না।
ভূমি সেবা সপ্তাহ পালনকে সামনে রেখে আমরা ভূমি সেবাদানকারী দপ্তরগুলোকে দুর্নীতিমুক্ত ও জনমুখী করার দাবি জানাই। শুধু এই একটি খাতকে ঠিক করতে পারলে আরও অনেক দুর্দশা থেকে জাতি রক্ষা পাবে। একইসাথে সকল ভূমি সেবাকে ডিজিটালাইজ করার জন্য আমরা সরকারের নিকট জোড় দাবি উত্থাপন করছি।

