ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
বার্ষিক রাজস্ব সম্মেলন ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে। বার্ষিক রাজস্ব সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। রবিবার জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আগামীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমির দলিল হস্তান্তর করতে হবে। ভিপি লীজ দ্রুততম সময়ের মধ্যে নবায়ন নিশ্চিত করা, সায়রাতমহাল রেজিস্টারে জলমহালের সার্বিক চিত্র উপস্থাপন করা, কৃষি খাস জমি প্রাপ্তদের মধ্যে পত্র প্রেরণ করা, হাটবাজার পেরিফেরির প্রস্তাব প্রেরণ, নির্ধারিত সময়ের মধ্যে নামজারী মামলা নিষ্পত্তিকরণ, সঠিকভাবে ভূমি উন্নয়ন করের দাবি নির্ধারণ এবং ১০০% ভূমি উন্নয়ন কর আদায় নিশ্চিতকরণ, মুজিববর্ষ উপলক্ষে প্রত্যেক উপজেলা হতে কমপক্ষে ৫০টি করে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রস্তাব প্রেরণ নিশ্চিত করা এবং রেন্ট সার্টিফিকেট মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, রেভিনিউ ডেপুটি কালেক্টও, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, কাননগো, সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।
ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন ছাতক উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হয়েছেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত, শ্রেষ্ঠ উচ্চমান সহকারী জেলা প্রশাসনে কর্মরত) মো. আজিজুর রহমান বাহাদুর; শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জের পাগলার রঞ্জন কুমার তালুকদার, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ছাতকের জাহিদপুরের প্রদীপ রঞ্জন দেব, শ্রেষ্ঠ সার্ভেয়ার ভূমি অধিগ্রহণ শাখার মো. আজমল হোসেন, জেলা প্রশাসনের কর্মরত শ্রেষ্ঠ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজস্ব শাখার স্বপন কুমার রায়, উপজেলা ভূমি অফিসে কর্মরত শ্রেষ্ঠ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ধর্মপাশার মানিক আহমেদ।