ভোগান্তির শিকার যাত্রীরা

স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৭২ ঘণ্টার পরিহবন ধর্মঘটের কারণে মঙ্গলবার সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। চলাচল করেনি পন্যবাহী ট্রাকও। তবে সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির ২-৩ টি বাস চলাচল করেছে। সুনামগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকেরা জানান, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সিলেট থেকে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার এই পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জে শুধু ট্রাক ও দূরপাল্লার বাস চলেনি। অন্যান্য যানবাহন চলাচল করেছে। আজ বুধবার সকাল থেকে শ্রমিকরা আরও কঠোর হওয়ায় সুনামগঞ্জ-সিলেট সড়কসহ লোকাল কোনও বাসও চলাচল করে নি। সুনামগঞ্জ এবং সিলেট থেকে দূর পাল্লার কোন বাস চলাচল না করায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শত শত যাত্রীকে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা কষ্টে পড়েছেন বেশি।
সুনামগঞ্জে দূরপাল্লার একটি পরিবহন সংস্থার একজন ব্যবস্থাপক জানান, এই ধর্মঘটের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে সুনামগঞ্জ থেকে যেসব বাস যাত্রী নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যায় সেগুলো সিলেট হয়ে যেতে হয়। সিলেটে সমস্যা হতে পারে, এটা ভেবে তারা বাস ছাড়েননি।
সুনামগঞ্জ বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সিলেট বিভাগজুড়ে ধর্মঘট হলেও মঙ্গলবার সুনামগঞ্জ-সিলেট সড়কে আমাদের যাত্রীবাহী বাস চলাচল করেছে। বুধবার কোন বাসই ছাড়া হয় নি। তিনি জানান, বুধবার বিকাল সাড়ে ৫ টায় সিলেটে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক শুরু হয়েছে। ঐ বৈঠক থেকেই পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।