স্টাফ রিপোর্টার
জেলার ৩ উপজেলার ২৬ ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে। ২৩ এপ্রিল এই ২৬ ইউনিয়নের ১৫০ জন প্রার্থী চেয়ারম্যান পদে, ১১০১ জন সাধারণ সদস্য এবং ২৯৩ জন প্রার্থী লড়ছেন সংরক্ষিত মহিলা আসেনে। উপজেলাগুলোর মধ্যে দোয়ারাবাজারে দলীয় প্রার্থী’র চেয়ে আঞ্চলিকতা গুরুত্ব পাচ্ছে। সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন আলোচনায়।
সদর উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৯ ইউনিয়নের একাধিক ভোটাররা বলেছেন, এই উপজেলার একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, অন্যগুলোতে রাজনৈতিক লড়াই হবে। তবে একটি আওয়ামী লীগের বিদ্রোহী এবং অন্য আরেকটিতে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মূল লড়াইয়ে থাকবেন। দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নেই ভোট হচ্ছে আঞ্চলিকতায়। এই উপজেলার
প্রায় সকল ইউনিয়নে বড় দুই দলের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় রাজনৈতিক লড়াইয়ের চেয়ে আঞ্চলিকতাকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নে রাজনৈতিক লড়াই হচ্ছে। তবে দলীয় বিদ্রোহীরাও ৪ টি ইউনিয়নে মূল লড়াইয়ে উঠে এসেছেন।
দোয়ারাবাজারের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দোয়ারাবাজারের ব্যবসায়ী নিবাস রায়, সুমন রায়, রিক্সাচালক আজিজ মিয়াসহ একাধিক ভোটাররা বলেছেন, ‘দলীয় প্রতীকে ভোট হলেও দোয়ারাবাজারে ব্যতিক্রম। দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হামিদ, বিএনপি’র আব্দুল বারী’র সঙ্গে সমানে সমান অবস্থা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালিক’র। দোহালিয়া ইউনিয়নে লড়াই হচ্ছে চতুর্মুখী, বিএনপি প্রার্থী ফখর উদ্দিন, আওয়ামী লীগের আনোয়ার মিয়া আনু, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল জলিল এবং শামীমুল ইসলাম শামীম’র লড়াই হবে। পান্ডারগাঁও ইউনিয়নেও একই অবস্থা, এই ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল ওয়াহিদ, বিএনপির আব্দুশ শহীদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ মূল লড়াইয়ে রয়েছেন। মান্নারগাঁও ইউনিয়নে রাজনৈতিক লড়াই হবে, আওয়ামী লীগের বরুণ চন্দ্র দাসের সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি’র আবু হেনা আজিজ’এর। বাংলাবাজার ইউনিয়নে চতুর্মুখী লড়াই জমবে, আওয়ামী লীগের আবুল হোসেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জসিম আহমদ রানা, বিএনপির আব্দুর রহিম ও বিএনপি বিদ্রোহী প্রার্থী মুরশেদ আলম’র মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। নরসিংপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ও একে এম আয়ুবুর রহমানীর প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেবে। মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বিএনপি’র শামছুল হক নমুও। সুরমা ইউনিয়নে ত্রিমূখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেতে পারে, এই তিন প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের খন্দকার মামুনুর রশিদ, বিএনপির মো. শাহ্জাহান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. হারুনুর রশিদ।
দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দক্ষিণ সুনামগঞ্জের একাধিক ভোটার বলেছেন,‘দরগাপাশায় বিএনপির মো. ছুফি মিয়া ও আওয়ামী লীগের মনির উদ্দিনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা জমবে। পশ্চিম পাগলায় আওয়ামী লীগের জগলুল হায়দার ও আওয়ামী লীগের বিদ্রোহী মো. নুরুল হক’র মধ্যেই হচ্ছে মূল লড়াই। জয়কলসে আওয়ামী লীগের মাসুদ মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাজা মিয়া ও বিএনপির শামছুন নূর মিয়ার মধ্যে লড়াই জমে উঠেছে। শিমুলবাঁক ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান জিতু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ্ মিয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহীনুর রহমান শাহীন মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। পূর্ব বীরগাঁওয়ে আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী নূর কালামের লড়াই হতে পারে। পশ্চিম বীরগাঁওয়ে বিএনপির লুৎফুর রহমান জায়গীরদার খোকন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম ও আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিনের মধ্যে লড়াই হতে পারে। পূর্ব পাগলায় আওয়ামী লীগের ফয়জুল করিম ও বিএনপির প্রার্থী আবু তাহেরের মধ্যে লড়াই হতে পারে। পাথারিয়ায় বিএনপির আমিনুর রশীদ আমিন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম ও আওয়ামী লীগের প্রার্থী আবুল ফয়েজের মধ্যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে’।
সদর উপজেলার ৯ ইউনিয়নের একাধিক ভোটার জানিয়েছেন, কোরবাননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত, বিএনপির মনফর আলী ও আওয়ামী লীগের প্রার্থী কোহিনুর আলমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। গৌরারং ইউনিয়নে বিএনপি’র ফুল মিয়া, আওয়ামী লীগের হোসেন আলী ও জাপার শওকত আলীর মধ্যে মূল লড়াই হতে পারে। জাহাঙ্গীরনগরে আওয়ামী লীগের মুখশেদ আলী ও বিএনপির উসমানগণির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কাঠইর ইউনিয়নে জাপার ফারুক মিয়া, আওয়ামী লীগের অ্যাড. বোরহান উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের মো. শামছুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন মাস্টারের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা জমবে বলে জানিয়েছেন ভোটাররা। মোল্লাপাড়ায় আওয়ামী লীগের আব্দুছ ছোবহান, বিএনপি’র বিদ্রোহী নুরুল হক ও বিএনপির আজমল হোসেনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। সুরমা ইউনিয়নে জাপার আব্দুছ ছাত্তার, আওয়ামী লীগের আব্দুছ ছত্তার ডিলার ও আওয়ামী লীগের বিদ্রোহী আমির হোসেন রেজার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে’।


