ভোরে পুলিশকে ঠকলেও বিকালে পাকড়াও হলো দুই চোর

স্টাফ রিপোর্টার
ভোরে পুলিশকে ঠকলেও বিকালে আবার পাকড়াও হলো দুই চোরা। তথ্য প্রযুক্তির সহযোগিতা ছাড়াই হাতকড়াসহ পালিয়ে যাওয়া দুই চোরকে ইটনা থেকে গ্রেপ্তার করলো শাল্লা থানা পুলিশ। সোমবার ভোরে শাল্লা থানার শান্তিপুর গ্রাম থেকে পুলিশ এই দুই চোরকে গ্রেপ্তার করে থানার নিয়ে আসার পথে হাতকড়াসহ নৌকা থেকে পালায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জের পাইকতলা গ্রামের সিলক মিয়ার ছেলে পেশাদার চোর জুনায়েদ (২৭) ও মাসুক আলীর ছেলে আতিকুল (২২) কে রোববার ভোর রাতে শাল্লার শান্তিপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে থানার নিয়ে যায় পুলিশ। শাল্লা সদরের কলেজের পাশের সেতুর নিকটে চোর বহনকারী নৌকা ভিড়লেই হাতকড়াসহ দুই চোর দৌড়ে পালায়। চতুর্দিকে হাওরবেষ্টিত শাল্লা উপজেলা সদরে বিভিন্ন এলাকা খুঁজেও দুই চোরকে পায় নি পুলিশ।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বললেন, হাতকড়াসহ দুই চোর পালিয়ে যাওয়ার ঘটনায় চিন্তিত ছিলাম আমরা। চোরদের ছবি সংগ্রহ করে ভোরেই কয়েকজন পুলিশকে সাদা পোশাকে ইটনার পাইকতলায় পাঠানো হয়। ওখানে চোরের বাড়ির আশপাশে সাদা পোশাকের পুলিশগণ ওঁত পেতে রয়। দুই চোর বিকালে বাড়িতে ঢুকতে যেতেই পুলিশ ওদের পাকড়াও করে।
থানার ওসি জানান, চোরদের কাছ থেকে হাতকড়া এবং চুরি’র একটি নৌকাও উদ্ধার করা হয়েছে।