স্বপন কুমার দেব
নোয়ারাএলিয়া বা প্রাচ্যের স্কটল্যান্ড-যাত্রা-পথে হনুমান টেম্পল
ইতিমধ্যে বাংলাদেশ শ্রীলংকা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমাদের কাছে শ্রীলংকা নামটি অহরহ ঘুরে ফিরে আলোচনায় উঠে আসছে। এতে লিখতে সুবিধা ও সাবলীলতা পাচ্ছি। আবার মালদ্বীপের রাউধা নামের একটি মেয়ের রাজশাহীতে দু:খজনক মৃত্যুকে কেন্দ্র করে মালদ্বীপ নামটিও পত্রিকায় ছাপা হচ্ছে। এ দুয়ের সঙ্গে আমার লেখা সাতকাহন তো আছেই। কাজেই মালদ্বীপ-শ্রীলংকা এখন অনেকের কাছেই অধিক পরিচিত। নোয়ারা এলিয়া (NUWARA ELIYA) শ্রীলংকার মধ্য অঞ্চলে অবস্থিত। জেলা শহর। আয়তন ১৩ স্কয়ার কি.মি। লোকসংখ্যা প্রায় ত্রিশ হাজার। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬১২৮ ফুট্ উচ্চতায় অবস্থিত। ছবির মতো সাজানো সুন্দর একটি শহর। আবহাওয়া ঠান্ডা। এত শীতের জায়গা শ্রীলংকায় আর কোথাও নেই। চা বাগানের জেলা। টি গার্ডেনকে কেন্দ্র করেই আধুনিক নোয়ারা এলিয়া গড়ে উঠে। প্রাকৃতিক সৌন্দর্য্যরে জন্য প্রাচ্যের স্কট্ল্যান্ড হিসেবে পরিচিত। পাহাড়ের খাঁজে খাঁজে বাড়ীঘর সব সাহেবী কায়দায়। ক্যান্ডি থেকে নোয়ারা এলিয়ার দুরত্ব প্রায় ১২০ কি.মি. মতো। প্রায় তিনশত হোটেল আছে শহরটিতে। ১৮৪৬ খৃ: স্যামুয়েল বেকার নামে এক ইংরেজ ভদ্রলোকের হাতে নোয়ারা এলিয়া শহরের পত্তন হয়। শীতের দেশ ইংল্যান্ডের মানুষদের কাছে ঐ এলাকায় স্বদেশের মতো ঠান্ডা আবহাওয়া অন্যতম মূল আকর্ষণ ছিল। তেমনি বিস্তৃর্ণ এলাকা ছিল চা বাগানের জন্য অত্যন্ত উপযোগী। শ্রীলংকায় আগত ইংরেজ টি প্লান্টাররা সহজেই সঙ্গত কারণে নোয়ারা এলিয়ার প্রেমে পড়ে যান। এলাকাটি বিবেচিত হয় ছোট বা LITTLE ELGLAND হিসাবে। তাছাড়া হরিণ, হাতী, শিয়াল শিকার ও পলো, গলফ এবং ক্রিকেট খেলার জন্য জায়গাটি উপযুক্ত। ইংরেজদের পছন্দের সঙ্গে খাপে খাপ মিলে যায়। এপ্রিল মাস থেকে শুরু হয়ে শীতের আগ পর্যন্ত থাকে নানা ধরণের ফুল ফোটার উৎসব। পুরানো ঘরবাড়ীর মধ্যে কুইন’স কটেজ, গ্র্যান্ড হোটেল, টাউন পোষ্ট অফিস ইত্যাদি অত্যন্ত দৃষ্টিনন্দন। বর্তমানেও যে সব ঘরবাড়ী হোটেল তৈরী হচ্ছে সেগুলির ডিজাইন/স্থাপত্যে পুরানো ধাঁচের ছোঁয়া। নোয়ারা এলিয়া আধুনিক হলেও জীবন যাত্রায় যেন আছে আগের জায়গাতেই। বাড়ীর সঙ্গে বড় লন আর বাগান। এমনিতে ঠান্ডার জায়গা। শীতের দিনে রাতের বেলা ঘন কুয়াশা থাকে। নানা গোষ্ঠীর লোকের বসবাস। সিংহলী, শ্রীলংকান তামিল, ভারতীয় তামিল, শ্রীলংকান মুর, কিছু মালয়ী ইত্যাদি। ভিক্টোরিয়া গলফ ক্লাব, লেক, বিভিন্ন ধরনের ও রং এর পাখি আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেক পার্ক বা উদ্যান। আছে ঝরনা। সবুজে সবুজে ছয়লাব। নানা ধরনের সবজী ক্ষেত। বিশ্বের প্রথম শ্রেণীর চা উৎপন্ন হয় এখানকার চা বাগানগুলিতে। পাক খেতে খেতে আমাদের গাড়ি উঠছে উপরের দিকে। আবহাওয়ার পরিবর্তন ঘটতে থাকে চোখের সামনে। ঠান্ডা বাড়ছে। আকাশ ক্রমশ: মেঘলা রূপ ধারণ করছে। ঝির্িিঝর্ িবৃষ্টি। চারিদিকে উঁচু পাহাড়। মাহেন্দ্র জানিয়ে দেন একটু পরেই গাড়ী থামাবেন হনুমানজীর মন্দির প্রাঙ্গণে। রামায়ন খ্যাত রামভক্ত বীর হনুমানজীর মন্দির। রাবন, সীতাদেবীকে অপহরণ করে লংকা নিয়ে আসেন। কিন্তু কোথায় লুকিয়ে রেখেছেন তা রামচন্দ্র হন্যে হয়ে খুঁজে খুঁজেও সন্ধান পাচ্ছিলেন না। এমতাবস্থায় বীর হনুমান এগিয়ে আসেন। হনুমান লংকা চষে বেড়াতে লাগলেন সীতাদেবীর খোঁজে। তিনি এক সময়ে বর্তমান নোয়ারা এলিয়ার পাহাড়ী অঞ্চলে পাড়ি জমান। অত:পর হনুমানজী তন্নতন্ন করে জঙ্গল আর পাহাড়ে খুঁজতে থাকেন সীতাদেবীকে। যাকে বলে চিরুনী তল্লাসী। খুঁজতে খুঁজেতে হনুমান একটি বড় পুকুর দেখতে পান। অনুসন্ধানে জানতে পারেন রাবন এ পথেই ক্রন্দনরতা সীতাদেবীকে নিয়ে গেছেন। আর সীতাদেবীর চোখের জলে সৃষ্টি হয়েছে এই বিরাট পুকুর বা দিঘী। এভাবেই পথ অনুসরন করে করে হনুমান পৌঁছে যান অশোক বনে। যেখানে রাবন বন্দী করে রেখেছিল সীতাদেবীকে। হনুমান গোপনে সাক্ষাৎ করেন দেবী সীতার সঙ্গে এবং রামচন্দ্রের বার্তা পৌঁছে দেন উনার কাছে। যাক এগুলি পরের কথা। ইতিমধ্যে আমরা প্রায় হনুমানজীর মন্দিরের কাছাকাছি এসে গেছি। এখানকার পাহাড়গুলি রামচন্দ্রের নামে পরিচিত। এই অঞ্চলে হনুমান অনুসন্ধান কাজে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। আরোও কথিত আছে পরবর্তী সময়ে রামচন্দ্র যখন মানবসেনা ও বানর সেনাসহ সীতা উদ্ধারে অগ্রসর হন তখন এই পাহাড়গুলির পাদদেশে তিনি সৈন্য সহ অবস্থান করেন এবং যুদ্ধের কলাকৌশল ঠিকঠাক করেন। দেখতে দেখতে মাহেন্দ্র, হনুমান টেম্পল এর সামনের রাস্তায় গাড়ী পার্ক করলেন। রীতিমত ঠান্ডার দেশে এসে গেছি। বেশ কনকনে শীত। আকাশ মেঘলা। এবার বুঝা যায় ডিসেম্বর মাস চলছে। চিন্ময়া মিশন নামে শ্রীলংকার একটি প্রতিষ্ঠান এই মন্দিরটি তৈরী করেন। সিঁড়ি বেয়ে বেশ উপরে প্রশস্ত চত্বরে হনুমানজীর মন্দির কমপ্লেক্স অবস্থিত। মন্দির গৃহ ছাড়া আছে বিশাল অতিথিশালা এবং অন্যান্য স্থাপনা। সামান্য নিচে একটি রেস্টুরেন্ট কাম ছোটখাটো ও আকর্ষণীয় বিভিন্ন জিনিসের দোকান। মন্দিরের পরিচালক পুরোহিত, কর্মী সবাই তামিল। পরনে ভাঁজ করা পূজার কাপড়। এরই একখন্ড গায়ে জড়ানো। প্রায় উদোম বা খালি গা বলা যায়। তামিলদের প্রায় সকলেরই রং কালো। শশ্রুমন্ডিত। কথা প্রায় বলেইনা। নিশ্চুপের মতো। বেশ কয়েক বছর হলো এলটিটিই যুদ্ধের সমাপ্তি ঘটেছে। ঐ সময়ে শ্রীলংকার অভ্যন্তরীন অবস্থা ছিল উত্তপ্ত। পর্যটকদের সংখ্যা কমে গিয়েছিল গৃহযুদ্ধের কারণে। তামিলদের নিরবতা কেমন যেন এলটিটিইদের কালের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যে সময়ে হনুমান টেম্পলে বা মন্দিরে পৌঁছাই তখন পূজা শুরু হয়ে গেছে। শ্রীলংকান সময় বেলা প্রায় সাড়ে এগারোটা বাজে। অনেক পর্যটক ভক্ত। অনেক গাড়ী। আরো আসছে। দেখলে বুঝা যায় প্রায় সবাই ভারত থেকে আগত। তবে বাঙালি চোখে পড়ে না। জুতা খুলে বাইরে রেখে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। প্রায় ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট হনুমানজীর মূর্তি। ধুপ-ধুনো আর গুরু গম্ভীর মন্ত্র উচ্চারণে পূজা চলছে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা আর ভক্তি ভরে পূজায় সামিল হয়েছেন। একদিকে যজ্ঞের আগুন জ্বলছে এককোনায়। আমরাও গিয়ে সারিতে দাঁড়ালাম। পূজারীদের মধ্যে একজন সবার কপালে মঙ্গল তিলক লাগিয়ে দিচ্ছেন। আমাদের কপালেও ফোঁটা পড়ল। এই অবস্থায় কিছু সময় পর বাইরে আসি। পূজা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে প্রসাদ খাওয়া যেতো। কিন্তু সময় বিবেচনায় সব কিছু করতে হয়। বাইরে তখন টুপটাপ বৃষ্টি শুরু হয়েছে। বাড়ছে শীতের তীব্রতা। রেস্টুরেন্টে ঢুকে গরম কফি খেলাম তিনজনে মিলে। বাজার সদাই করার অনেক কিছুই আছে। কিন্তু নো কেনাকাটা। ক্যান্ডি থেকে যখন রওয়ানা দেই তখন মাহেন্দ্র পরেছিল প্যান্ট ও একটি টি-শার্ট। ইতিমধ্যে তিনি শীতের তোড়ে জ্যাকেট বের করে গায়ে চড়িয়েছেন। মন্দির চত্বরে হাঁটাহাঁটি করতে করতে চারিদিকে পাহাড় ও বৃক্ষরাজি দেখে ভাবতে থাকলাম হাজার হাজার বছর আগের সত্য যুগের কথা। সেই রাম রাবনের যুদ্ধ। হনুমানের বীরত্ব, সীতাদেবীর অগ্নি পরীক্ষা, কতো কিছু। সীতাদেবীদের এখনও অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এবার আলো আঁধারী পরিবেশে রওয়ানা দিলাম নোয়ারা এলিয়ার উদ্দেশ্যে। (চলবে)
লেখক : সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক।


