রোকেস লেইস
গুহা পেরিয়ে স্বচ্ছ রোদে এসে মনে হলো গা’ ঘিনঘিন, গা’ ছমছম একটা ঘোর যেনো লেগে রয়েছে শরীর মন জুড়ে। নীচে নামলাম, লক্ষণীয় যেখানেই জনসমাগম সেখানেই রকমারি পসরা নিয়ে বসছে ভাগ্যান্বেষী মানুষেরা। গৃহে তৈরী খাবার থেকে ফ্যাক্টরি মেড প্যাকেট সবই পাওয়া যাচ্ছে। লোকজন দেদারসে খাচ্ছে এ’সব খাবার। বিশেষ করে হাতে তৈরী খাবারগুলো খোলাই রাখা আছে এবং সেভাবেই পরিবেশিত হচ্ছে। মোটামুটি পরিচ্ছন্ন ওয়াসরুম ব্যবস্থাও আছে, অর্থের বিনিময়ে। হাত মুখ ধুয়ে গুহা প্রবেশের ঘোর কিছুটা হলেও যেনো কাটানো গেলো। এবারের যাত্রা বাংলাদেশ মুখি। হ্যাঁ,পাহাড়ে দাঁড়িয়ে দেখা যায় নীচে সমতল বাংলাদেশ। আগেরবার এতো কাছাকাছি এসেও দেখা হয়নি, তাই একটু বাড়তি আগ্রহ। লক্ষ করলাম সামছুল এতোটাই কাছের হয়ে গেছে, খুঁটিয়ে খুঁটিয়ে যথেষ্ট আন্তরিকতা নিয়ে সব কিছু দেখাতে ব্যস্ত। এখন সে আর প্রফেশনাল বিহেব করছে না। এক পর্যায়ে সে নিজেই স্বীকার করলো, অন্য পেসেন্জার হলে এতক্ষণে দৌড়ের উপর অনেক কিছু না দেখিয়েই ফেরত পথ ধরতো। বুঝলাম, পম্পা কেনো সাবধান করে দিয়েছিলো। ধমকের ভয়ের চেয়েও, তার আচরণ প্রমাণ করে সে এখন সত্যিই আন্তরিক। অল্প দূরেই পাওয়া যাবে সেভেন সিসটার ফলস, মাওসামাই থেকে মাত্র এক কিলোমিটার দূরে। নাম শুনেই সাতটি প্রপাত খুঁজবে যে কেউ, ক্যামন যেনো ধোঁকা ধোঁকা মনে হলো, কাছে গিয়ে। পৃথিবী বিখ্যাত ‘সেভেন সিসটার ফলস’ নরওয়েতে । যা’তে উনচল্লিশটি সুউচ্চ জলধারা, সর্বোচ্চ ১৩৫০ ফিট উপর থেকে নেমে নেমে সাতটি পৃথক সেগমেন্ট/কর্তিত বা ছিন্ন অংশে নীচে পড়ছে। এই সাতটি সেগমেন্টই সেভেন সিসটার। যার সর্বোচ্চ প্রপাতটি ৮২০ফিট, অর্থাৎ ৮২০ ফিট উপর থেকে সরাসরি নীচে পড়ছে জলধারা। আরো আছে ‘সেভেন সিসটার ফলস’ সিকিম, গ্যাঙটক সিকিম হাইওয়েতে। গ্যাঙটক থেকে ৩২ কিলোমিটার দূরত্বে অবস্থিত, যার জলধারা তিনটি স্তর বা ধাপে পতিত হয়। এছাড়া, গ্রানাডাতেও আছে ‘সেভেন সিসটার ফলস’। আমরা আছি শোরা এলাকায়, চেরাপুঞ্জি’র পাহাড় শ্রেণীর শিখরে। এখানকার পাহাড়ের গড় উচ্চতা ১৩০০ মিটার। এখানে, সুউচ্চ পাহাড় যেনো চূড়ায় এসে অনেকটাই বিস্তীর্ণ সমতল হয়ে আছে। পাহাড়ের এই ভূমি আকৃতিই মালভূমি, ছোট বেলা ভূগোল-এ পড়ার সাথে মিলে যায়। এখানকার পাহাড়ে কয়লা পাওয়া যায়। আর, দেখা হলো পাহাড়ের ভিতর থেকে সুরঙ্গ কেটে কিভাবে কয়লা সংগ্রহ করা হয়। বেশ কিছুদিন যাবৎ কয়লা উত্তোলন বন্ধ আছে।
পরিবেশবাদী সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছেন শিশুশ্রম বন্ধ ও পরিবেশ রক্ষার তাগিদে, উত্তোলন বন্ধ করাতে সক্ষম হয়েছেন। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রানাইট পাথরের বিশাল বিশাল চাঁই, যেনো মাটি ফুঁড়ে বেরিয়ে আছে। আরো আছে লাইম ষ্টোনের পাহাড়, এখানে একটি সিমেন্ট ফ্যাক্টরি দেখা গেলো । মূল চূড়ায় না গিয়ে রাস্তা থেকেই দেখা যায় লাইম স্টোন এর শরীর চুঁইয়ে ফাঁক ফোকর গলে, সেখান থেকে গড়িয়ে আসছে মূল জলধারা আর নামতে নামতে সাতটি ভাগ হয়ে ছড়িয়ে যাচ্ছে। ধারাগুলো পরস্পর থেকে দূরবর্তী, খুব হৃদয়গ্রাহী বা আকর্ষণীয় মনে হলো না। সেভেন সিসটার ফলস খুব একটা মন কাড়তে পারলো না। স্থানীয়ভাবে ‘নসংগিথিয়াং’ অর্থাৎ সাতটি জলধারা, আবার মাওসামাই এর কাছাকাছি এজন্য ‘মাওসামাই ফলস’ নামেও পরিচিত। এই এলাকাটি মেঘালয়ের অতি বৃষ্টি ও মালভূমির জন্য অনেকটাই ভিন্নতর। শোহরা বা শোরা আসামের ইস্ট খাসি হিলে প্রাচীন খাসি গ্রাম, ১৪০০ শতক থেকে যার ইতিহাস জানা যায়। শোরা বা শোরারিম বা চেরা, নাম পরিবর্তন হতে হতে বর্তমান চেরাপুঞ্জি। এ’টি সাবডিভিশন টাউন, শিলং থেকে ৫৬ কিলোমিটার দূরবর্তী। এলাকাটির অবস্থানগত কারণে, বিশেষ করে সমতল অঞ্চল; মূলতঃ সিল-হট বা সিলেটের কাছাকাছি হওয়ায় ১৮৩২ সনে এই শোরা বা চেরাপুঞ্জিতেই বৃটিশরা আসামের রাজধানী স্থাপন করে। এর আরো একটি কারণ, সহজে দূরবর্তী দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণ। এখানে রাজধানী স্থাপনের মধ্য দিয়ে বৃটিশরা আদি পাহাড়ি ভূমিপুত্র খাসি জনগোষ্ঠীর সাথে সমঝোতা ও হৃদ্যতার সম্পর্ক গড়ে তোলে। এ’টি, পৃথিবীর প্রধানতম বৃষ্টিবহুল এলাকা। খাসি ভাষায় ‘শোহ’ অর্থ ফল ‘রাহ’ অর্থ বহন, ফল বহন করে নেয়া একত্র হয়ে, হয়ে গেছে শোহরা। বৃটিশরা এই শোহরা উচ্চারণ করার স্থলে উচ্চারণ করতো চেররা আর এভাবেই শোহরাপুঞ্জি হয়ে উঠে চেরাপুঞ্জি। তবে, চেরাপুঞ্জি শব্দের অর্থ কমলা লেবুর দেশ এ নামেরও তাৎপর্য আছে। শোহরা বা চেরাপুঞ্জিতে রাজধানী খুব বেশী দিন স্থায়ী হয়নি। ১৮৬৬ সনেই রাজধানী স্থানান্তরিত হয় শিলং-এ। দেখে দেখে যতই সামনে যাচ্ছি
প্রতিটি দৃশ্যই মন কাড়া সৌন্দর্যমন্ডিত। বারবার গাড়ি থামিয়ে ছবি তুলতে তুলতেই সামনে এগুচ্ছি । নিরিবিলি এলাকা মাঝে মধ্যে দর্শণার্থী নিয়ে একটা দু’টো গাড়ি আসছে। এভাবেই আমরা পৌঁছে যাই ‘কা কহ রামহা’ বা ‘মটরপ’ বা বিগ রক এর কাছে, এ’টি থ্যাঙ্গকামারাং পার্ক। এখানে রেলিং দিয়ে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত সহ, দৃশ্যাদি দর্শনের ব্যবস্থা যথেষ্টই উন্নত। যতটুকু জানা যায় ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট এর ব্যবস্থাপনায় এই পার্ক। টিকেট ছাড়াও আলাদা খরচ দিয়ে বাইনোকুলারে সমতল বাংলাদেশ দেখার ব্যবস্থা আছে। ওখানে দাঁড়িয়ে ঠিক নীচে সেলা ব্রীজ দেখা যায়। জানা গেলো প্রায় ত্রিশ কিলোমিটার ঘুর পথে যেতে হয় সেলা, ঐ ব্রীজ পযন্ত। ইচ্ছা থাকলেও সময়ের কারণে ঐ পর্যন্ত যাওয়া হলো না। তবে উপর থেকে দেখে যেটুকু অনুমান করা যায়, ওখানটা ছাতকের হকনগর বা আশপাশ। এ দৃশ্যের পাশাপাশি ভিন্ন আরেকটি দৃশ্য, রেলিং থেকে অর্থাৎ এদিককার পাহাড় থেকে সামান্য সামনে। অনুমান ৫০/৬০ গজ দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথর। যা পুরোপুরি আলাদা, এককভাবে দাঁড়িয়ে আছে । পাথরটি যে কতো বিশাল, তা’ না দেখলে অনুমান করা খুবই কঠিন। এর বিশেষত্ব হলো, এ’টি যেনো উল্টানো ঘন্টা আকৃতির বা উল্টানো কোণ আকৃতির। কথিত আছে ‘ইভিল জায়েন্ট’ এর ফসিল, এর নীচে চাপা দেয়া আছে। আসলে স্বচক্ষে দেখার পরও এর বিশালতা যেনো অবিশ্বাস্য । এখান থেকে অল্প হেঁটে ঝর্ণার উপর দিয়ে পাকা পুল পার হয়ে ওপারে গেলেই বিরাট বিরাট বৃক্ষ, ছায়া শীতল, শান্ত, নীরবতায় মনোমুগ্ধকর । স্বচ্ছ শীতল জল, ঝর্ণার জলে নেমে মেয়ে ছবি তুললো । এবার, অতি আগ্রহে ছবি তোলার দায়িত্ব নিয়েছে সামছুল। স্বচ্ছ জলে হাত মুখ ধুয়ে শীতলতায় শরীর মন জুড়িয়ে আবার পথ চলা শুরু। ওখান থেকে চলে যাই রামকৃষ্ণ মিশন আশ্রম। রামকৃষ্ণ মিশনে স্কুলটি কে,জি, থেকে হায়ার সেকেন্ডারি। এ’তে প্রায় হাজার খানেক ছাত্র ছাত্রী পড়াশুনা করে । যা, চেরাপুঞ্জির চেরা বাজার এলাকায় । এছাড়াও ভোকেশনাল ট্রেনিং-এ হ্যান্ডলুম, টেইলারিং, স্টিচিং ইত্যাদি প্রশিক্ষণ দেয়া হয়। প্রায় শ’দুয়েক ছাত্র থাকার মতো হোস্টেল ব্যবস্থা আছে। অত্যন্ত সমৃদ্ধ লাইব্রেরী। একাধিক ডিসপেনসারি এবং ছোটখাটো চিকিৎসা সেবা প্রদান উপযোগী দু’টি ভ্রাম্যমান চিকিৎসা ইউনিট সার্বক্ষণিক কর্মরত, এর সবই দাতব্য। এছাড়াও আছে অত্যন্ত ভাবগাম্ভীর্য পূর্ণ উপাসনালয়। বিরাট এলাকা জুড়ে বিস্তৃত আশ্রমটি অত্যন্ত পরিপাটি, পরিচ্ছন্ন, শ্রদ্ধা জাগানিয়া । ১৯২৪ সালে স্বামী বিবেকানন্দ এই আশ্রম স্থাপন করেন, এ-টি একটি শাখা আশ্রম। এখানকার মিশনারি স্কুলটি স্থাপিত হয় ১৯৩১ সনে। ১৮৮৬ সনে শ্রী রামকৃষ্ণ তিরোধান করেন, তাঁরই ইচ্ছার প্রতিফলনে কলকাতার নিকটবর্তী বারানগর-এ একটি ভাড়া বাড়িতে প্রথম মূল মঠ’টি চালু হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে মানব কল্যাণের ব্রত নিয়ে। ১৮৯৯ সনে গঙ্গার পশ্চিম তীরে বেলুর-এ মঠ’টি স্থানান্তরিত হয়। ১৯০১ সনে এ-টি সেবা মূলক প্রতিষ্ঠান হিসাবে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয় এবং ওখানেই স্থায়ী রূপ পায়। ১৮৯৭ সনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং ১৯০৯ সনে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হন। রামকৃষ্ণ মঠ বা আশ্রম আর রামকৃষ্ণ মিশন দু’টি সিসটার ওরগেনাইজেশন, এদের হেড কোয়ার্টার বেলুর-এ। পৃথিবী জুড়ে এদের ১৭১’টি প্রতিষ্ঠান আছে। ওখান থেকে গেলাম নগ্যাথিমমাই ইকো পার্ক, ইলকা শোরা গ্রামে এ-টি অবস্থিত। অসাধারণ নয়নাভিরাম চারিধার, সবুজ খোলা প্রান্তর, ঝর্ণা, নদী আর ঠিক নীচে শ্যামল ছাওয়া বাংলাদেশ। প্রচুর দর্শনার্থী, বিরাট এলাকা রেলিং ঘেরা ; ভিতরে দোলনা বসানো আছে। মনের আনন্দে ছেলে বুড়ো সকলেই দোল খাচ্ছে। এ যেনো প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। মা, মাসিমা, দিদিমা কেউই বাদ যাচ্ছেন না। মেয়েও গেলো প্রাণ ভরে দোল-আনন্দ নিয়ে ফিরলো। সাথে থাকা হালকা খাবার ও পানি শেষ। খিদা ভালোই টের পাচ্ছি, তাই ফিরার পথ ধরলাম। আগের বার ঐ এলাকায় গিয়ে যে সার্কিট হাউসে এসডিও মহোদয়ের আতিথেয়তায় লাঞ্চ করেছিলাম, ঐটি পাচ্ছি না। এলাকাটি চিনতে পারছি, লোকজনকে জিজ্ঞাসা করলেও বলতে পারছে না। গাড়ি থামিয়ে এদিক ওদিক দেখছি, মেয়ে তাড়া দিচ্ছে ‘আব্বু চলো খেতে হবে’। ঠিক তখনি চোখে পরলো সরু রাস্তাটি, ঐ রাস্তা দিয়ে চলে গেলাম দীর্ঘ দিনের পুরনো সার্কিট হাউস-এ। এখানে মহাত্মা গান্ধীর সাথে বালিকা ইন্দিরা গান্ধিও এসেছিলেন। দু’জনেই চারা রোপণ করেছিলেন, যা আজ বিশাল বৃক্ষ। রেনোভেশন এর কাজ চলছে তাই ভিতরে যাওয়া হলো না, সাথে খিদার তাড়া । অনেকটা পথ এসে রাস্তার পাশে নতুন হয়েছে বেশ ছিমছাম একটি হোটেলে ঢুকে পরি। সামছুল এর মৃদু আপত্তি আরো মাইল পাঁচেক সামনে তার পরিচিত হোটেলে নিতে চেয়েছিলো। খাওয়ার ওর্ডার করা হলো, পরিষ্কার খোলামেলা পরিবেশে তৃপ্তি মতো খাওয়া সেরে, কফি খেয়ে বের হলাম, মূল্যও স্বাভাবিক। চেরাপুঞ্জি থেকে ফিরলাম বৃষ্টি বিহীন। তাও বর্ষা মৌসুমে এবং ভয়াবহ না হলেও যথেষ্ট গরম কাটিয়ে। এতো সবের মধ্যে অনেকগুলো চার্চ, মঠ, বহু পুরাতন ব্যক্তিগত গৃহাদি আর ছোট ছোট ফল ফসলের বেচা কেনার অস্থায়ী ডেরা দেখা হলো। দু’এক জায়গায় থেমে স্থানীয় ফল ইত্যাদি কিনে খেয়েছি। আমাদের বরই’র মতো তার চেয়েও ছোট টক টক ফল খেতে ভালোই লাগে। পসরা নিয়ে বসেছেন সর্ব ক্ষেত্রেই মহিলারা । বাসায় ফিরে গোসল সেরে গরমের ধকল কাটলো । পরদিন শহরেই থাকবো বলে সামছুলকে বিদায় দেয়া হলো, কারণ মোদি জি শিলং আসবেন।
- সুনামগঞ্জের ৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তি অনুষ্ঠানে সুধীজন- ‘জনগণের সাথে কানেক্টিভিটি বাড়াচ্ছে এই পত্রিকা’


