স্বপন কুমার দেব
জয়পুর দুর্গ অঞ্চলে কয়েক ঘন্টা
জয়পুর শহর থেকে আমের রোড হয়ে ছোট একটি গ্রামীণ পাহাড়ী জনপদের নাম আমের। সেখানেই আম্বের ফোর্ট বা আমের ফোর্ট। আমেরকে এখন ক্রমবর্ধমান জয়পুর শহরের শহরতলী বলা যেতে পারে। ইতিমধ্যে আগের পর্বগুলিতে লিখেছি জয়পুর রাজ্যের প্রাচীন রাজধানী ছিল আমের। রাজা মহারাজারা পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন আম্বের ফোর্টে বা দুর্গে। কাজেই এর বিশালত্ব ও আভিজাত্য নিয়ে সন্দেহ নেই। ‘জলমহল’ এলাকা পেরিয়ে পাহাড়ী রাস্তায় গাড়ি ছুটছে। মনে হলো নিকটে এসে গেছি। একটার পিছনে আরেকটা গাড়ি রাস্তার একপাশে পার্ক করা। অনেক উপরে পাহাড় চূড়ায় দুর্গের অবয়ব দেখা যাচ্ছে। কিন্তু রাস্তা আর শেষ হয় না। ঘুরানো প্যাঁচানো সরু পাথুরে রাস্তায় গাড়ি ধীরে ধীরে এগুচ্ছে। মাঝে মাঝে জ্যাম্। আসলে গাড়ি পার্কিং শুরু হয়েছে বেশ দূর থেকে। এভাবে ঘুরতে ঘুরতে ক্রমশ: উপরের দিকে পাহাড় চূড়ায় দুর্গ পাদদেশে যখন থামলাম তখন বেশ কিছুটা সময় চলে গেছে। অনেক লোকের ভিড় আর অনেক গাড়ির জটলা। ওধারে মাঠের মত জায়গায় আরেকটি পার্কিং লট। ওখানে অগুণতি গাড়ি। মহসিন ওদিকে চলে গেলেন আর আমরা টিকেট কেটে গনেশ গেইট পেরিয়ে দুর্গ চত্বরে পা ফেললাম। ফুটবল মাঠের মতো বিরাট খোলা পাথুরে উঠান। এপাশ থেকে ওপাশে বইছে মৃদু মন্দ হাওয়া। সমস্ত মলিনতা ধুয়ে মুছে যেন সাফ করে দেয়। ভেতরে প্রচুর লোকজন। কিন্তু বিশালত্বর কারণে ভিড় হচ্ছে না। যে যার মতো ঘুরে বেড়াচ্ছেন। উঠোন ঘিরে দুর্গ স্থাপনা। এলাকাটাকে বলা যায় দুর্গ নগরী। প্রথমে আম্বের ফোর্ট, তারপর জয়গড় ফোর্ট, তারও পরে নাহারগড় ফোর্ট। আমের বা আম্বের দুর্গ চতুষ্কোণ আকৃতির ৪ স্কয়ার কি.মি জায়গা নিয়ে বিস্তৃত। এক সময়ে জয়পুরের রাজধানী ছিল আমেরে। রাজপুতদের মধ্যে বিভিন্ন গোত্র আছে। কথিত আছে, মিনা বংশীয় রাজা রালুন সিং আমের শহরের পত্তন করেন। পরবর্তীকালে কুচওয়া গোত্রের রাজারা ক্ষমতায় আসেন এবং শেষ অব্দি তারা জয়পুর রাজ্যের শাসক ছিলেন। কুচওয়া বংশীয় মহারাজা মানসিং (১ম) ১৫৯২ খ্রিষ্টাব্দে রয়েল প্যালেস হিসেবে আম্বের দুর্গ নির্মাণ করেন। মানসিং এর রাজত্বকাল ছিল ১৫৫০ খ্রি.-১৬১৪ খ্রি. পর্যন্ত। দুর্গটি হিন্দু স্থাপত্য শৈলীতে তৈরি। প্রশস্ত দুর্গপ্রাচীর। অনেক গুলি গেইট বা প্রবেশ তোরণ। লাল বেলে পাথর ও মার্বেল খন্ডে নির্মিত এই দুর্গ। যে পাহাড়ে দুর্গটি অবস্থিত সেই পাহাড়ের নাম চিলকা তিলি (ঈগল পাখির পাহাড়)। পাহাড় চূড়ায় অবস্থিত রাজপুত শৌর্যবীর্যের প্রতীক আমের দুর্গে দাঁড়িয়ে মনে হয় রণসাজে সজ্জিত এই দুর্গে এখনই শুনা যাবে অশ্বের খুরধ্বনি ও হে¯্রাধ্বনি। মহারাজা মানসিংহ (১ম) কালীমাতা দেবীর ভক্ত ছিলেন। ইতিপূর্বে এক পর্বে বলা হয়েছে ১৬০৪ খ্রি. মহারাজা মানসিংহ (১ম) বাংলায় যশোরের রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সেখান থেকে শীলাদেবী বিগ্রহকে নিয়ে এসে আমের দুর্গে পুনঃপ্রতিষ্ঠা করেন। এই শীলাদেবী বিগ্রহ মন্দিরটি কালী মন্দির নামে পরিচিত। শীলাদেবীই কালীদেবী হিসেবে পূজিত হয়ে আসছেন। আরো জনশ্রুতি আছে মানসিংহ (১ম) যশোরে অবস্থানকালে স্বপ্ন দেখেন একটি জলাশয়ের তলদেশে শীলাদেবী/কালীদেবী শায়িত আছেন। তখন রাজা মানসিংহ জলের নিচে থেকে প্রস্তরখন্ড/শীলাখন্ড রূপ বিগ্রহকে তুলে আনেন। শীলা থেকেই শীলাদেবী। আমের দুর্গে ঐতিহাসিক শীলাদেবী/কালীদেবী মন্দিরে এখনো ভক্তিভরে পূজা নিবেদিত হয়ে আসছে। বিকেল বেলা মন্দিরের দ্বার খোলা হলে দর্শনার্থীদের প্রচন্ড ভিড় হয়। আমরা প্রথমেই সেই কালী মন্দির দর্শনে গেলাম। সিঁড়ি বেয়ে অনেক উঁচুতে মন্দির। একাধিক পূজারী আছেন। দেবতাকে প্রণাম করে ও পুজো দিয়ে ভারমুক্ত মনে এগিয়ে গেলাম দুর্গ ঘুরে দেখতে। দুর্গটি চার তলা বিশিষ্ট বলা যায়। বিভিন্ন মহলের ছড়াছড়ি। দেওয়ানি আম, দেওয়ানি খাস, শীষ মহল, সুখ নিবাস ইত্যাদি। রাজা মহারাজা/স¤্রাটদের সঙ্গে সাধারণ লোকজনের স্বাক্ষাতের স্থান হলো দেওয়ানি আম। দেওয়ানি খাস হলো রাজাদের নিজেদের জন্য ও রাজকীয় অতিথিদের জন্য বসার জায়গা। শীষ মহল তৈরি হয় আয়না দিয়ে। সবকিছু এখানে আয়নার ভিতর দিয়ে প্রতিফলিত/প্রতিবিম্বিত হয়ে থাকে। সাধারণত: শীষ মহলে নৃত্যগীতের আসর বা জলসার আয়োজন করা হতো। সুখ নিবাস অনেকটা আধুনিক এয়ারকুলারের মতো। প্রচুর দরজা জানালা ও জলের আধার। দরজা জানালা দিয়ে বাতাস জলে ধাক্কা খায়। বাতাস ও জলের সংঘর্ষে বাতাস ঠান্ডা হয়ে সারা দুর্গে প্রবাহিত হয়ে প্রচন্ড গরমে দুর্গকে ঠান্ডা রাখতো। আমের দুর্গে প্রচন্ড আকর্ষণীয় আরেকটি দেখার বিষয় হলো সুড়–ঙ্গ পথ বা টানেল। আলো আঁধারী পথে যখন ঢুকলাম তখন গা ছমছম ভাব। গোলক ধাঁধার মতো সুড়–ঙ্গ পথ বা টানেল। এদিক সেদিক হয়ে যেন ক্রমশঃ নীচের দিকে নামছে। প্রায়ান্ধকার পথে পাশাপশি দুই জন চলা যায় না। একজনের পেছনে আরেক জন। মাঝে মাঝে ম্লান আলোর ব্যবস্থা থাকলেও অন্ধকার কাটে না। টানেলে অনেক লোক। মুখ ভালো করে দেখা যায় না। সবাই মোবাইল ফোনের আলো জ্বেলে আর সঙ্গীদের ডাকাডাকি করে পথ চলছেন। যে কোন সময় হারিয়ে যাওয়ার ও একজন থেকে আরেকজনের বিচ্ছিন্ন হওয়ার ভয় আছে। সুড়–ঙ্গ পথে ঘুরাঘুরিতে শেষ প্রান্ত আর পাওয়া যায় না। প্রবেশ মুখে ফিরে আশাও যেন কঠিন। যুদ্ধকালীন সময়ে রাজপরিবারের সদস্যদের নিরাপদে প্রস্থান করার জন্য এই সুড়–ঙ্গ পথ তৈরি হয়। উক্ত সুড়–ঙ্গ পথ দ্বারা আমের দুর্গের সঙ্গে জয়গড় দুর্গ সংযুক্ত। দুটি দুর্গই একই পাহাড়ে অবস্থিত। পরবর্তী সময়ে ১৭২৬ খ্রি. রাজা জয়সিংহ (২য়) জয়গড় দুর্গ নির্মাণ করেন। নির্মাণ শৈলী ও মাল মশলা একই রকম। এটি বিজয় দুর্গ হিসেবেও পরিচিত। মূলত: আমের দুর্গকে অধিকতর সুরক্ষা দেয়ার জন্য জয়গড় দুর্গ নির্মাণ করা হয়। এটি দৈর্ঘ্যে ৩ কি.মি এবং প্রস্থে ১ কি.মি। জয়গড় দুর্গেও বিভিন্ন মহল আছে, মন্দির আছে, আছে মিউজিয়াম। চমৎকার একটি বাগান, নাম চারবাগ গার্ডেন। রাজকীয় কামান এবং বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শনী সাজানো আছে। আমের দুর্গ থেকে জয়গড় দুর্গ ঘুরতে ঘুরতে দেখা শেষে যখন বেরিয়ে গাড়িতে উঠলাম তখনও সন্ধ্যা হতে বেশ দেরী। মহসিন খানের পরামর্শে চললাম নিকটেই নাহারগড় দুর্গ পরিদর্শনে। নির্জন পথে গাড়ি চলছে। দু’দিকেই পাহাড় আর জঙ্গল। ৫/৬ কি.মি দূর হবে। প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপরূপ পটভূমিতে আরাবল্লী পাহাড়ে নির্জন নাহারগড় দুর্গ। শেষ বিকেলে নির্জনতা আরো বেশী। পর্যটক থাকলেও তুলনামূলক ভাবে কম। অবেলাই হয়তো কারণ। চারিদিকে জঙ্গলে ঢাকা এই পাহাড়ী দুর্গে যখন ঢুকলাম তখনও পশ্চিমে লাল টুকটুকে সূর্য অস্ত যেতে আরো কিছু সময় বাকী। নাহারগড় টিলা আরাবল্লী পাহাড়ের একটা অংশ। প্রথমে এর নাম ছিল সুদর্শন গড়। এই নির্জন পাহাড়ি জঙ্গলে এক সময়ে প্রচুর পরিমাণে বাঘদের বিচরণ ক্ষেত্র ছিল। জনশ্রুতি আছে নাহার সিং নামে একজন রাজা অথবা রাজপরিবারের সদস্য ছিলেন দক্ষ শিকারী। তিনি এই গড়ে বাঘ শিকার করতেন। এভাবেই টিলাটি পরিচিত হয়ে যায় নাহারগড় টিলা নামে। এখান থেকে নিচের দিকে তাকালে জয়পুর শহর এবং ‘জলমহল’ দৃষ্টি গোচরে আসে। রাজা জয়সিংহ (২য়) নাহার গড় দুর্গ নির্মাণ করেন। রাজা মহারাজারা শিকারে এসে এই দুর্গে সাময়িকভাবে বসবাস করতেন। অন্য দুটি দুর্গের অনুকরণে সমস্ত সুযোগ সুবিধা রেখেই নাহার গড় দুর্গটি নির্মিত হয়েছিল। পাহাড়ের ভিতর দিয়ে টানা দেয়াল দ্বারা নাহার গড় দুর্গটি সংযুক্ত করা আছে জয়পুর দুর্গ ও আমের দুর্গের সাথে। বলা যায় তিনটি দুর্গ একে অপরের সঙ্গে একটি পাহাড়ি বাঁধনে বাঁধা। নাহার গড় দুর্গে করিডরওয়ালা বড় বড় বিলাসবহুল কক্ষ আছে। এছাড়া বিভিন্ন মহল তো আছেই। ১৮০০ খ্রি. মারাঠা সৈনিকরা নাহার গড় দুর্গ দখল করতে জোর আক্রমণ চালিয়েছিল। রাজপুতদের সঙ্গে মারাঠাদের প্রচন্ড যুদ্ধ হয়। অবশেষে চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। চুক্তি মোতাবেক নাহার গড় জয়পুর রাজাদের অধীনেই থেকে যায়। ১৮৫৭ খ্রি. সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ মহিলারা নিরাপত্তার জন্য নাহার গড় দুর্গে আশ্রয় নিয়েছিলেন। এক সময়ে দুর্গ থেকে বেরিয়ে আমরা জঙ্গলের দিকে হাঁটতে থাকি। মসৃন পিচ ঢালা রাস্তা। দু’পাশে জঙ্গল, ক্রমশঃ গভীর থেকে গভীরতর। কিছুটা এগুনোর পর দেখা গেল একপাশের টিলার উপরে একটি রিসোর্ট, সঙ্গে বাগান ও প্রথম শ্রেণীর ক্যাফেটেরিয়া। ভেতরে আরো অনেক কিছু দেখার থাকলেও প্রবেশ মূল্য চড়া থাকায় আমরা না ঢুকে আরো সামনে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে রাস্তা শেষ। একটা পাঁচিলের উপর কয়েকজন ক্যামেরা হাতে ঘোরাফেরা করছেন। সামনে ও দু’পাশে যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের ভিতর থেকে মানুষের গলা শোনা গেলেও কিছু দেখা যাচ্ছে না। জঙ্গলেরও একটা জীবন আছে নিশ্চয়ই। নাহার গড় না হয়ে জঙ্গল গড়ও হতে পারত। এই নির্জন জঙ্গলে ঢাকা পরিবেশে নিরাপত্তা কতটুকু কি জানি না। তবে সন্ধ্যা নেমে আসছে দেখে ফিরে আসলাম। হাঁটতে হাঁটতে যখন গাড়ির কাছে ফিরে আসি তখন সন্ধ্যা নেমে গেছে। মহসিন খান গাড়ি চালিয়ে উপর থেকে নেমে আসলেন জয়পুর শহরে। এবার রাতের যাত্রা শুরু হবে, জয়পুর থেকে দিল্লীর উপর দিয়ে হরিদ্বার। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক


