ভ্রমণ-লিংকনের আমেরিকায় কিছু দিন

বজলুল মজিদ চৌধুরী খসরু  (পূর্ব প্রকাশের পর)
বলল দেখেন না আমাদের দেশে চা, কফি খাওয়ার ইচ্ছা থাকলে মুখ থেকে বের করলেই হয়। নিজের গিয়ে আনতে হয় না। আর এখানে লাইনে দাঁড়িয়ে বসে থাকতে হবে। আমাদের দেশে হলেতো আর কিছু না হোক রাজনীতি নিয়ে একটু আড্ডা জমে যেত। কিন্তু এখানে আলোচনা কম হয়। আন্দোলন নেই, মিছিল নেই, হরতাল ষ্ট্রাইক নেই, ছাত্র রাজনীতি নেই, রাজনৈতিক সন্ত্রাসী নেই তাই রাজনীতি নামক বিরক্তিকর জিনিষ নিয়ে কেউ কথা বলতে চায় না। এহসানের কথাগুলো খুব মজাই লাগছিল। এহসান এবং তার স্ত্রী দুজনে একসাথেই এসেছিল। তার স্ত্রী মাষ্টার্স করার পর একটা চাকুরী জুটিয়ে নিয়েছে। এদেশে যারা পড়তে আসেন তারা পড়াশুনা শেষ করার পর সাতাশ মাস চাকুরী করতে পারেন। তবে চাকুরীটা নিজেকেই খুঁজে বের করতে হবে। এই সময়ের মাঝে চাকুরী দাতারা সরকারকে বললে সরকার তাকে গ্রিন কার্ড দিয়ে দেয়। আর এভাবেই এক সময় এই মেধাবি ছাত্ররা আমেরিকার নাগরিক হয়ে যায়।
কানেক্টিকাট ইউনিভারসিটির আরেকটি ক্যাম্পাস আছে আটলান্টিক মহাসাগরের তীরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি দীপ এরিজোনা থেকে আসলেই সেই ক্যাম্পাসটা দেখতে যাব।  মূল ক্যাম্পাস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অপর ক্যাম্পাসটি। এই ক্যাম্পাসটিতে সমূদ্র বিষয়ক আইন পড়ানো হয়। ৭ মে ২০১৬ তে হবে দীপের ডক্টর অব ফিলোসফি এর সমাবর্তন অনুষ্ঠান। তাই সে তিনদিনের ছুটি নিয়ে এরিজোনা ষ্টেটের চ্যান্ডলার শহর থেকে এখানে আসবে। তার পর আমরাও চলে যাব এরিজোনায়। ৫ তারিখে দীপকে আনতে আমরা গেলাম ব্রেডলি নামক একটি অভ্যন্তরিণ এয়ারপোর্টে। আমাদের শহর উইন্ডসর থেকে একদম কাছে এয়ারপোর্টটি। এরিজোনা স্টেটের ফিনিক্স এয়ারপোর্ট থেকে প্লেন জার্নি করে তার আসতে প্রায় ছয় ঘন্টা সময় লেগে গেছে। ব্রেডলি এয়ারপোর্টে পৌছার আগেই খবর পেলাম তার প্লেন ল্যান্ড করেছে। সে বেরিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে বলায় এয়ারপোর্টের ভিতরে যাওয়ার আর আমাদের দরকার হয়নি। এই দিনই আমরা চলে গেলাম গ্রটন নামক শহরে যেখানে কানেক্টিকাট ইউনিভারসিটির অপর ক্যাম্পাসটি আছে। অপরূপ সুন্দর ক্যাম্পাসটি। সমুদ্র তীরে থাকায় মনে হয় যেন স্বর্গপুরি এটি। এখানে নাকি সমুদ্র বিষয়ক বিজ্ঞান পড়ানো হয়। হাতে কলমে যাতে শিক্ষার্তীরা শিক্ষা পেতে পারে তাই কর্ত্তৃপক্ষ এমন ব্যবস্থা করেছেন। ক্যাম্পাস দেখার পর সমুদ্র তীরে হাঁটাটা আমরা উপভোগ করলাম। এই তীরের এক জায়গায় আছে এভারি পয়েন্ট। এই এভারি পয়েন্টের পাশেই আছে একটি ক্যাসেল বা কমিউনিটি সেন্টার। বিবাহ অনুষ্ঠান বা বিভিন্ন সভা সমাবেশ এখানে হয়। আমরা যেদিন গেলাম সেদিন সেখানে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সাদা কাপড় পড়া বর কনে আর তাদের সাথে থাকা অন্যান্যরা একই ভাবে সাদা কাপড়ের পোষাক পরেছেন। অপরূপ সুন্দর লাগছে তাদেরকে। মনে হয় সমুদ্র তীরে এক ঝাক বক তাদের পসরা সাজিয়ে বসে আছে। পুরো বিয়েটাই ছিল সিনেমার দৃশ্যের মত। সমুদ্র তীরের মিষ্টি আবহাওয়ায় আমরা অনেকক্ষণ ঘুরাঘুরি করে গ্রটন শহর থেকে আবার উইন্ডসর শহরে চলে আসলাম।
৭ মে তারিখে দীপের ডক্টর অব ফিলোসফির সমাবর্তন অনুষ্ঠান। আমি নিজে কোনদিন সমাবর্তন অনুষ্ঠানে যাইনি। আমার নিজেরটাও হয়নি বা আপাতত হওয়ার কোন সম্ভাবনা দেখছি না। দীপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর পিএইচডি করেছে। গবেষণা করতে হয় একজন প্রফেসরের অধীনে। সে যখন স্কলারশিপটা পায় তখন তার প্রফেসর ছিলেন মিসেস লায়লা লাদানি নামে একজন ভদ্র মহিলা। তিনি ইরানি বংশদ্ভূত। এক সময় তিনিও ছাত্রী হিসাবে আমেরিকায় এসেছিলেন। তার পরে ঢুকে যান এলাবামা বিশ্ববিদ্যালয়ে। দীপ স্কলারশিপটা পাওয়ার আগে তিনি স্কাইপে তার ইন্টারভিউ নিয়েছেন। এই সময় মিসেস লাদানি ছিলেন এলাবামা বিশ্ববিদ্যালয়ে। তাই দীপকে প্রথম এলাবামা বিশ্ববিদ্যালয়েই আসতে হয়েছে। এলাবামা মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি স্টেট। এলাবামাতে প্রায় এক বছর থাকার পর তার প্রফেসর লায়লা লাদানি চলে আসেন কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে। তিনি তার অধীনে থাকা ছাত্রদের নিয়ে আসেন কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে। তাই দীপকেও চলে আসতে হয়েছে কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে। দীপ আর মিশরিয় ইব্রাহিম আওয়াদ নামে আরেকটি ছাত্র এই লায়লা লাদানির অধীনে গবেষণা করেছেন। তারা দুজনেই ছিলেন মিসেস লাদানির খুব প্রিয় ছাত্র। দুজনেই খুব কম সময়ে তাদের থিসিস জমা দিতে পেরেছেন। সমাবর্তন অনুষ্ঠানে একজন ছাত্র ছয়জন অতিথি নিয়ে আসতে পারেন। আমরা আছি আটজন।  বাংলাদেশ থেকে আমরা গেছি তিনজন আর সাথে নিশি তাছাড়া ভাবী, রুমু, তানভির আর মার্ক এই চারজন মিলে আটজন। দীপ তার বন্ধু মিশরীয় ইব্রাহিম আওয়াদের সাথে বিষয়টি শেয়ার করার সাথে সাথেই তার নিজের কাছে থাকা দুটো অতিথি পাস আমাদের পাঠিয়ে দেয় তাই আমাদের আর কোন অসুবিধা হয়নি।
ইউনিভারসিটি অব কানেক্টিকাটে উৎসবের আমেজ। আজকেতো শুধু ডক্টর অব ফিলোসফিতে নয় গ্রাজুয়েট ও মাষ্টার্সদেরও সমাবর্তন।  সমগ্র ইউনিভারসিটি এলাকা লোকে লোকারণ্য। আলাদাভাবে সাজানো হয়েছে ভেন্যুগুলো। ইউনিভারসিটির পুরো রাস্তায় ট্রাফিক দিয়ে শৃঙ্খলা রক্ষা করা হয়েছে। গাড়ী রাখার জন্য পার্কিং জায়গা সুনির্দ্দিষ্ট করা হয়েছে। কোন হলে কোন বিষয়ের সমাবর্তন হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এই সম্মানিয় ডিগ্রি নেওয়ার আগে অতিথি বক্তারা তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমি প্রোগ্রামটি হাতে নিয়ে দেখছিলাম। মাস্টার্স এর সমাবর্তন অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে কথা বলবেন ওলিভার স্টোন। এই নামটা আমি আগেই শুনেছি।
বিশিষ্ট চলচিত্র নির্মাতা, প্রযোজক অলিভার স্টোন চল্লিশ বছর যাবত মার্কিন যুক্তরাষ্টের চলচিত্র অঙ্গনে দাপটের সাথে সিনেমা তৈরী করছেন। এ পর্যন্ত তিনি আমেরিকায় একই সাথে তিনটি একাডেমিক এওয়ার্ড পেয়েছেন। এই স্টোন অতিথি বক্তা হিসাবে ভাষণ দিবেন মাস্টার্সের সমাবর্তন অনুষ্ঠানে। আমার খুব ইচ্ছা ছিল তাকে দেখার কিন্তু সেখানে যাওয়ার আমার উপায় নেই। আমি তো এসেছি ছেলের সমাবর্তন অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য। সব পিতা মাতার কাছে এটা একটা গর্বের ব্যপার। সমাবর্তনে উপস্থিত অতিথি এবং ডিগ্রি হোল্ডারদের জন্য বিশ্ববিদ্যালয় কর্ত্তৃপক্ষ খাওয়ার ব্যবস্থা করেছেন। প্রোগ্রামে পিএইচডি হোল্ডারদের অতিথিদের নিয়ে কোথায় যেতে হবে সেটা বলা আছে। দীপের সাথে আমরা প্রথমে সেই জায়গায় গেলাম। সবাইকে বুফে সিস্টেমে খাওয়া দেওয়া হয়েছে। যার যার মত লাইনে দাঁড়িয়ে ইচ্ছামাফিক খাবার আনতে হচ্ছে। বিভিন্ন প্রকারের পানীয় আছে। যার যেটা পছন্দ সেটাই নিচ্ছেন। সেখানেই দেখা দীপ আর ইব্রাহিমের গাইড প্রফেসর মিসেস লায়লা লাদানির সাথে। উনার সাথে তার ছোট্ট মেয়ে। একদম পুতুলের মত একটি মেয়ে তার। এক ছেলে এক মেয়ের জননী মিসেস লায়লা লাদানির শরীরটা খারাপ যাচ্ছে। গতরাতে তিনি প্রচন্ড জ্বরে কাতর ছিলেন। তার পরেও প্রিয় ছাত্রদের পিএইচডি প্রাপ্তিতে তিনি ভীষণ খুশি। বারবারই বলছিলেন এত কম সময়ে ইতিপূর্বে তার কোন ছাত্র থিসিস দাখিল করেনি। এরি মাঝে দেখলাম মিশরিয় ইব্রাহিম আওয়াদ আমাদের সাথে যোগ দিল। দীপ এবং ইব্রাহিম তাদের প্রফেসর লাদানির সাথে ফটো সেশন করল এর পরে আমরাও তাকে স্মৃতিতে রাখার জন্য এক সাথে ছবি তুললাম।
আমরা যে হলে বসেছি সেটাতে শুধু পিএইচডি ডিগ্রী দেওয়া হবে। অতিথিদের জন্য আলাদা বসার জায়গা। যারা ডিগ্রী অর্জন করেছেন তাদের এক জায়গায় বসানো হয়েছে। একজন ঘোষক সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানসূচী জানিয়ে দিচ্ছেন। আজকে এই ডিগ্রী দেওয়া হচ্ছে আইন, পরিবেশ, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, নার্সিং সেবা, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ক্ষেত্রে। যারা দীর্ঘ চার পাঁচ বছর গবেষণা করেছেন তাদের বিষয়গুলির উপর আলোচনা হবে। আলোচনা হবে সংক্ষিপ্ত, তবে আলাদাভাবে একটি বই বের করেছে ইউনিভারসিটি কর্ত্তৃপক্ষ। বইতে গবেষকদের পরিচিতি সহ তাদের বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। এই ডক্টরিয়াল সেরিমনিতে অতিথি বক্তা হিসাবে এসেছেন শারিন হেরটেল এবং মোরাড বেহানডিস নামে দুজন পন্ডিত ব্যক্তি। এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টারা থাকবেন। প্রধান উপদেষ্টা হচ্ছেন যাদের অধীনে গবেষণা করা হয়েছে সেই সকল পন্ডিত অধ্যাপকগণ। দীপ এবং ইব্র্রাহিমের প্রধান উপদেষ্টা হচ্ছেন মিসেস লায়লা লাদানি। তিনি অসুস্থ থাকায় আজকের অনুষ্ঠানে থাকতে পারবেন না।  বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় কর্ত্তৃপক্ষকে জানিয়েছেন।  হলে ঢুকার পর পিনপতন নিরবতা। মঞ্চের পাশে বাদ্যযন্ত্রি দল আছেন। তারা আমেরিকার ঐতিহ্যবাহি সুর বাজাচ্ছেন। আর উপস্থিত দর্শকরা করতালি দিচ্ছেন। আমরা এই মিউজিকের কিছু বুঝতে না পারলেও সবাইর সাথে আনন্দ উপভোগ করছি। উপস্থাপক একে একে মঞ্চে সভাপতি সহ অতিথিদের ডাকছেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এর ডীন। মঞ্চে বসার জন্য যাদেরকে ডাকা হচ্ছে তারা একেক জন বিভিন্ন বিষয়ে পন্ডিত ব্যাক্তি। আমার জানার ইচ্ছা ছিল এই পন্ডিতদের মাঝে কেউ নোবেল লরিয়েট আছেন কিনা। মার্ককে বিষয়টি বললে সে জানায় এগুলো নিয়ে এখানে কেউ মাথা ঘামায় না। যারা নোবেল পেয়েছেন তারাও বলতে চান না। অনুষ্ঠান শুরু হল আমেরিকার জাতীয় সংগীত দিয়ে। মঞ্চের পাশেই রাখা হয়েছে পিএইচডি পাওয়াদের ক্রেষ্ট ও সনদপত্র। পরে জানলাম আসল সার্টিফিকেট ও ক্রেষ্ট পরে পাঠিয়ে দেওযা হয়। অনুষ্টানে ডামি সার্টিফিকেট দেওয়া হয়। অতিথিরা তাদের সারগর্ভ বর্ক্তৃতা দিয়েছেন যার কিছুই আমার বুঝার উপায় ছিল না। একে তো আমেরিকান ইংরেজী পুরোপুরি বুঝা আমার পক্ষে সম্ভব নয় তাছাড়া তাদের বক্তৃতাগুলো হয়েছে ইঞ্জিনিয়ারিং এবং গবেষণা নিয়ে। বক্তৃতা পর্ব শেষ হলে একে একে পিএইচডি হোল্ডারদের ডাকা হচ্ছে। একদিকে ফটো সেশন আর অপরদিকে করতালি দেওয়া হচ্ছে। উপস্থাপক প্রতিটি গবেষণার বিষয় নিয়ে ছোট খাটো অবতারনিকা করছেন। মার্ক তার নিজের দামী ক্যমেরা নিয়ে ছুটাছুটি করছে। সে দীপের জীবনের শ্রেষ্ঠতম সময়টা ক্যামেরাবন্দি করে রাখার দায়িত্ব নিয়েছে। তার ব্যস্ততা দেখে আমি অবাক হয়ে গেলাম। রুমুদের পরিচয়ের সূত্রে এই মার্কের সাথে পরিচয় কিন্তু সে এত আন্তরিক ভাবতে অবাক লাগে। দীপের পোষাক পড়া থেকে শুরু করে সব ব্যপারে তার অভিভাবকত্ব দেখে ভালই লাগল। এক সময় সউদ ফারহান চৌধুরীর ডাক পরল । আমেরিকানদের চৌধুরী উচ্চারণ করতে কষ্ট হয়। সউদ ফারহান ঠিক ঠিক মত বললেও চৌধুরীকে কুটুরী বা এই ধরনের একটা উচ্চারণ করল। একই সাথে তার থিসিসের বিষয়টি বলতে লাগল। দীপের থিসিসের বিষয়টি ছিলো কম্পিউটারের মস্তিষ্ক বলে পরিচিত সিপিইউ ডিভাইসের জীবন বাড়ানো নিয়ে। উপস্থাপক বলছেন ‘মানুষ প্রযুক্তিকে হাতের মুঠোয় নিয়ে আসতে চায়। যে কারনে ডিভাইসের আকার প্রতিদিন ছোট হচ্ছে। বিদ্যুৎ বা পাওয়ার ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কম পাওয়ারে কিভাবে বেশী সময় ডিভাইসটি ব্যবহার করা যায় থিসিসে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে’। আস্তে আস্তে দীপ মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। মার্ক তার ঢাউস ক্যামেরা নিয়ে ছুটাছুটি করছে। মঞ্চে থাকা অতিথিরা এগিয়ে এসেছেন তাদের দলের নুতন গবেষককে অভ্যর্থনা জানাতে। আমরা এক দৃষ্টিতে তাকিয়ে আছি মুহূর্তটার জন্য। এক সময় সভাপতি তার হাতে ক্রেষ্ট আর সনদপত্র দিয়ে করমর্দন করলেন। মঞ্চে তাদের কী কথা হয়েছে সেটা আমরা শুনতে পারিনি। চারিদিক থেকে ক্যমেরার লাইট জ্বলে উঠছে। এটা এক আলাদা অভিজ্ঞতা, আলাদা অনুভূতি। অনুষ্ঠান শেষে সভাপতি উঠলেন সবাইকে কৃতজ্ঞতা জানাতে। ছোট্ট একটা ভাষণ দিয়ে তিনি সভার কাজ শেষ করলেন। সভা শেষ হলে আমরা গেলাম মঞ্চের দিকে। আমরা ছাড়া অপর পিএইচডি হোল্ডারদের আত্মীয় স্বজন আসছেন মঞ্চের দিকে। সবাই এই মঞ্চে তাদেরকে ক্যামেরাবন্দি করে নিতে চান। আমরা বাইরে গিয়ে আরো কিছু ফটোসেশন করার এক পর্যায়ে দেখি অনুষ্ঠানের সভাপতি এদিকে আসছেন। পায়ে একটি স্যান্ডেল, কাপড় চোপড় অতি সাধারণ, চুলগুলিকে শৃঙ্খলায় আনার তার সময় হয়নি। আমাদের পাশে এসে থেমে গেলেন। দীপের সাথে নিজে যেচেই কুশল বিনিময় করলেন। মনে হল কতদিনের পরিচয় তাদের, এত আন্তরিকতা নিয়ে কথা বলছেন। আজকের দুপুরের খাবারটা স্পনসর করার জন্য আমি ভাবীর অনুমতি চাইলাম।
(চলবে)