ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শব্দ দূষণ কমেছে

গোলাম সরোয়ার লিটন
খেলা হবে, বাদাম-বাদামসহ নানা ধরণের কথা আর সুরে নির্বাচনী প্রচারণায় অতিষ্ট হয়ে পড়েছিল তাহিরপুর উপজেলাবাসী। কিন্তু গত রবিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর শব্দদূষণ কমেছে। কেউ কেউ মাইকে প্রচারণা চালালেও এসব গান বাজছে না। এতে স্বস্তি প্রকাশ করেছেন উপজেলা সদরের বাসিন্দারা।
উল্লেখ্য ৭ ফ্রেব্রুয়ারি তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪৭ জন চেয়ারম্যান প্রার্থী ও ৩শ’৯৩ জন সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাহিরপুর উপজেলা সদরের ব্যবসায়ী সুমন মালাকার বলেন, কানফাটা শব্দে প্রচারণা নেই। খুবই স্বস্তিদায়ক পরিবেশ। প্রশাসন চাইলেই আইনের বাস্তবায়ন কঠিন নয়।
নাম প্রকাশ না করার শর্তে এক তরুণ বলেন, ধর্মীয় পন্ডিতদের নিয়ে ধর্ম ও আইনের আলোকে শব্দদূষণের বিষয়ে আলোচনা প্রয়োজন। সভ্য জাতি দূষণ তৈরি করে না। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখর রায় বলেন, দুঃখজনক বিষয় হলো যারা শব্দ দূষণ বিষয়ে জনগণকে সচেতন করবেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শব্দ দূষণ থেকে বিরত রাখতে হয়। সুযোগ পেলেই তারা শব্দ দূষণের খেলায় মেতে ওঠে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, শব্দ দূষণ ও নির্বাচনী বিধিমালা লংঘনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।