ভ্রাম্যমাণ আদালতের রশিদ নিয়েও প্রতারণা

বিশেষ প্রতিনিধি
ধোপাজান চলতি নদীতেও বেপরোয়া পাথর খেকোরা। ভ্রাম্যামাণ আদালতের জরিমানার রশিদকে কাজে লাগিয়ে পাথর তুলে বিক্রি করছে তারা। সরকারিভাবে বালু-পাথর মহালে উত্তোলন বন্ধের নির্দেশ থাকলেও নানা কৌশলে এরা পাড় কেটে পাথর উত্তোলন করে বিক্রি করছে। চলতি নদীর ডলুরা এলাকায় এরকম একটি প্রতারক চক্র গেল দুই মাস ধরে এই কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি নদীতে পাথর উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। সরকারী নির্দেশনা প্রতিপালন করার জন্য নদীর প্রবেশমুখের ইব্রাহিমপুরে পুলিশ ফাঁড়িও রয়েছে। নিয়মিত চলছে ভ্রাম্যামাণ আদালতও। এরপরও স্থানীয় কিছু প্রভাবশালীরা নানা কায়দায় পাড় কেটে পাথর তুলে নিয়ে বিক্রি করছে।
চলতি নদীর কাইয়ারগাঁও এলাকার মোহাম্মদ আলী বললেন, পাথর উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা শিথিল না করলে জীবিকার তাগিদে মানুষ নানাপথ খুঁজবে। জরিমানার রশিদকে কাজে লাগিয়ে এখন যা করা হচ্ছে, সেটি জীবিকার তাগিদেই করছে মানুষ।
ডলুরা এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় নিরীহ মানুষজন পাথর উত্তোলন করতে নদীতে যেতে পারছে না। কিন্তু একদল প্রভাবশালী চক্র পাড় কেটে পাথর উত্তোলন করে কৌশলে বিক্রি করছে।
এই চক্র প্রথমে ছোট ছোট চার থেকে পাঁচ’শ ফুটের ইঞ্জিন চালিত নৌকায় পাথর তুলে নিজেরাই নানা কৌশলে স্থানীয় ( সুনামগঞ্জ সদর বা বিশ^ম্ভরপুর) সহকারী কমিশনার (ভূমি) অফিসে খবর পৌঁছায়। এরপর ভ্রামমাণ আদালত পরিচালনা হলে ওই রশিদকে কাজে লাগিয়ে ৪-৫ হাজার ফুটের ইঞ্জিন চালিত নৌকায় পাথর বোঝাই করে নিয়ে যায়। গত দুই মাস হয় এইভাবে চলছে প্রতারণা।
ডলুরা এলাকার সিরাজ, তজু ও আলকাছসহ স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে পাড় কেটে পাথর তুলায় ডলুরার পাশের কালীপুর, কাইয়ারগাঁওসহ আশপাশের জনবসতিও হুমকিতে পড়ছে।
সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান বললেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে। কেউ ফোন করলেই নদীতে যাওয়া হয় না। জরিমানা আদায়ের রশিদ লাইসেন্স বা পারমিট নয়। ওঠা দেখালেই পাথর বোঝাই ট্রলার ছেড়ে দেওয়া ঠিক হবে না। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত কয়েক দিনে ৪ থেকে ৫ হাজার ফুটের ৫ টি ইঞ্জিন নৌকা পাথরসহ আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রশিদ দেখিয়ে একদল পাথর খেকো এগুলো নিয়ে যাবার চেষ্টা করছিল বলে জানান তিনি।