ভয়ংকর দুর্ঘটনার সড়ক

স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা সদরের এক কিলোমিটার সড়ক বিপজ্জনক অবস্থায় আছে। বিশ্বম্ভরপুর উপজেলার সামনে থেকে বিশ্বম্ভরপুর বাজার পর্যন্ত এই এক কিলোমিটার সড়কে প্রায়ই ইজিবাইক-রিক্সা এমনকি সিএনজিও দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে হাবিবনগর ও কৃষ্ণনগর গ্রামের সামনের সড়কের মোড় খুবই বিপজ্জনক। বৃহস্পতিবার ইজিবাইক দুর্ঘটনায় এই মোড়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এই সড়কের পাশেই দোকান হাবিবনগরের বাদশা মিয়া’র। বাদশা মিয়া বৃহস্পতিবার বিকালে এ প্রতিবেদককে বলেন,‘এই সপ্তাহে তিন বার ইজিবাইক উল্টে হাওরে গড়িয়েছে। বিশেষ করে এই এক কিলোমিটার সড়কের মোড়ে র‌্যালিং বা ফুটপাত না দিলে দুর্ঘটনা ঘটতেই থাকবে। আজ (বৃহস্পতিবার) ইজিবাইক দুর্ঘটনায় দুই বৃদ্ধার মৃত্যু ঘটায় এই নিয়ে আলোচনা হচ্ছে বেশি।’
বিশ্বম্ভরপুর উপজেলা সদর পার্শ্ববর্তী শ্রীধরপুর গ্রামের পটল আচার্য্য বলেন,‘খুবই বিপজ্জনক, গভীর হাওর, সড়ক থেকে ছিটকে পড়লে বাঁচার উপায় নেই। সড়কের যে অংশটি এ ধরনের বিপজ্জনক অবস্থায় আছে, সেখানে পিলার বসিয়ে বা ফুটপাত তৈরি করে নিরাপদ না করলে দুর্ঘটনার ঝুঁকি থাকবেই। আজ ২ জন নিহত হয়েছেন, অন্যদিন এর চেয়ে বড় দুর্ঘটনা হতে পারে, বেশি মানুষ হতাহত হতে পারেন।’
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন,‘বিষয়টি নিয়ে আগে আমাদের ভাবা হয়নি। আসলেই এই অংশটুকু বিপজ্জনক। এই বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানাবো আমরা।’
সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের মুঠোফোনে এ বিষয়ে জানার জন্য কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা যায়নি।