মঙ্গলকাটা বাজারে চোরের উপদ্রব

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে ওয়ালটন শো রুমে চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। চুরির ঘটনায় নগদ ৭০ হাজার টাকাসহ অনুমান ৫ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে চোর পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানার পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছে।
ওইদিন রাত ১০টায় অন্যান্য দিনের মতো ওয়ালটন শো রুমের ডিলার জামাল মিয়া দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় কর্মচারী জসীম উদ্দিন দোকান খুলে চুরি হওয়ার বিভিন্ন আলামত দেখতে পান। তৎক্ষণাৎ তিনি দোকানের মালিক জামাল মিয়াকে ঘটনাটি জানান। জামাল মিয়া দ্রুত স্থানীয় ব্যক্তিদের জানান। পরে বিষয়টি সদর মডেল থানায় জানানো হলে অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান ও এস.আই জিন্নাতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওয়ালটন শো রুমের ডিলার জামাল মিয়া জানান, তার দোকানে ওয়ালটনের মালামাল রয়েছে। একই দোকানের ভেতরে ফারিয়া জুয়েলার্স নামের দোকান রয়েছে এবং মা ইলেকট্রনিক্স ট্রেডার্স নামের আরও একটি দোকান রয়েছে। ওইদিন জুয়েলার্সের দোকান থেকে অনুমান ৭ ভরি স্বর্ণ, ৮০ ভরি রূপ্য এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে চোর পালিয়ে যায়।
ওইদিন রাতে ওয়ালটন শো রুম ঘরের চালের টিন খুলে ৪ দিকের সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করে চোর। একই সাথে দোকানের সি.সি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে দেয়। পরে আবার চোর একইভাবে উপরদিকে বেরিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন আগে মঙ্গলকাটা বাজারের ব্যবসায়ী শের আলী মিয়ার দোকানে, বাবুল মিয়ার দোকানে, জাহাঙ্গীর আলমের দোকানে চুরি সংঘটিত হয়েছে। এভাবে আরও অনেকের দোকানে চুরির ঘটনা ঘটে চলেছে। কয়েকমাস ধরে চোরের উপদ্রব বেড়ে চলেছে। স্থানীয় চোরের একটি সংঘবদ্ধ দল বাইরের চোরদের নিয়ে এই চুরির ঘটনা ঘটাচ্ছে। এতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বুধবার ওয়ালটন শো রুমে কোনো পাহারাদার ছিল না। এমনকি বাজারেও কোনো পাহারাদার না থাকায় চুরির ঘটনা দিনে দিনে বেড়ে চলেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মঙ্গলকাটা বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মকসুদ আলী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মো. শাহনুর, বাজার কমিটির সাধারণ সম্পাদক বুরহান আহমেদ চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বাজার কমিটির সাধারণ সম্পাদক বুরহান আহমেদ চৌধুরী জানান, বাজারে পাহারাদার থাকলেও চুরি হয়। তাই আমরা পাহারাদার রাখিনি। এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে অবশ্যই পাহারাদার রাখতে হবে। পাহারাদারের সংখ্যাও বাড়াতে হবে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান বলেন, সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে ওয়ালটন শো রুমে চুরির ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এই বাজারে আরও চুরির ঘটনা ঘটেছে। কেউ থানায় অভিযোগ করেননি। তবে মাসখানেক আগে একটি চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছিল। সাথে সাথে মালামাল উদ্ধার করে চোরকে গ্রেফতার করা হয়। পরে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।