স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলার মধ্যনগর এলাকার ক্ষুদ্র জাতিসত্তার (হাজং সম্প্রদায়) অপহৃত স্কুল ছাত্রীকে সেফ কাস্টডিতে রাখার আদেশ এবং এ ঘটনায় আটককৃত মাঈন উদ্দিন ও আমিজ উদ্দিন’র জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ মুজিবুর রহমানের আদালতে অপহৃত স্কুল ছাত্রীকে একজন আইনজীবী হাজির করলে আদালত তাকে সেফ কাস্টরিতে এবং আসামীদের জামিন না মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী গৌরাঙ্গ পদ দাশ।
মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর (১৪) বাড়ি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার লক্ষীপুর গ্রামে। সে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার সময় মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী রূপনগর গ্রামের নুর নবীর ছেলে মাঈন
উদ্দিন (১৮)। গত ৮ জুন রাত ১০টার দিকে মাঈন উদ্দিনসহ অন্য আসামিরা ওই স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া চেষ্টা চালান। মেয়ের বাবা অনেক চেষ্টা করেও আসামিদের কাছ থেকে তাকে রক্ষা করতে পারেননি। পরে রাত দেড়টার দিকে পুলিশ মাঈন উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করেন। এ সময় পুলিশ মাঈন উদ্দিনকে আটক করে। রাতেই মেয়ের বাবা মধ্যনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পর দিন পুলিশ মাঈন উদ্দিন ও মেয়েটিকে আদালকে হাজির করলে আদালত মাঈন উদ্দিনকে কারাগারে পাঠান এবং মেয়েটিকে নিজ পরিবারের জিম্মায় দেন।
এরপর মেয়ের বাবা গত ১৩ জুন মধ্যনগর থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, আদালত থেকে নিয়ে আসার পর মেয়েটি নিজের বাড়িতেই ছিল। কিন্তু ১১ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ঘুম থেকে ওঠে দেখেন তার মেয়ে ঘরে নেই। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ মাঈন উদ্দিনের আরেক ভাই আমিজ উদ্দিনকে (২৩) গ্রেপ্তার করে।


