স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান।
সভায় তিনি অবিলম্বে দ্রুত পুনর্বাসন, পল্লী রেশনিং চালু, ইজারা বাতিল করে হাওরে মাছ ধরার অধিকার নিশ্চিত করা, সকল প্রকার সুদের কিস্তি আদায় স্থগিত ও সুদ মওকুফের দাবি জানান।
ক্ষেতমজুর সমিতির প্রবীণ সদস্য জয়কৃষ্ণ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি জালাল সুমন, সদস্য আব্দুল আউয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি সুনামগঞ্জ জেলার সভাপতি এনাম আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
সমাবেশে বক্তারা গরিব মানুষের নামে বরাদ্দ লুটপাট বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে।


