ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের ওপর দিন দুপুরে অতর্কিত হামলা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মধ্যনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত বিদ্যুৎ কান্তি সরকারকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চামরদানি ইউনিয়নের চামরদানি গ্রামের বাসিন্দা বিদ্যুৎ কান্তি সরকার ওই সময় মধ্যনগর ফেরিঘাট সংলগ্ন একটি দোকানে বসে স্থানীয় লোকজনের সাথে কথা বলছিলেন। এ সময় চামরদানি গ্রামের মৃত আকবর আলীর ছেলে মাসুদ রানা পারভেজ হঠাৎ করে এসে সবার সামনে বিদ্যুৎ কান্তি সরকারের ওপর লাঠি দিয়ে হামলা চালায়। এতে যুবলীগ নেতা বিদ্যুৎ কান্তি সরকারের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে এবং মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় হামলাকারী দৌঁড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎ কান্তি সরকারকে চিকিৎসার জন্য নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিদ্যুৎ কান্তি সরকারের ছোট ভাই বিজিত কান্তি সরকার বলেন, ‘হামলাকারী মাসুদ রানা পারভেজ রানা একজন মাদক ব্যবসায়ী। আমার ভাই মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে দীর্ঘ দিন করে কাজ করে যাচ্ছে। তাই মাসুদ রানা পারভেজ জেদের বশবর্তী হয়ে এ হামলা চালিয়েছে।’
মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুপুরেই মধ্যনগর বাজারে বিক্ষোভ মিছিল করেছি।’
মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘হামলাকারি ও আহত ব্যক্তির বাড়ি একই গ্রামে। ঠিক কি কারণে হামলা হয়েছে তা বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারি সেখান থেকে পালিয়ে যায়।’
- প্রবীণ আওয়ামী লীগ নেতা নরেশ চৌধুরীর জীবনাবসান
- রোহিঙ্গাদের সহায়তায় এক মাসের সম্মানী ভাতা দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা


