স্টাফ রিপোর্টার
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে মধ্যনগর থানার সদর ইউনিয়নের করুয়াজান, কামরুয়া, বনগাঁও, শাহপুর, মাছুয়ারকান্দা ও কলমা গ্রামের পল্লী বিদ্যুতের নতুন সংযোগ প্রদানে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। প্রতি পরিবার থেকে ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার প্রায় ১২০০ গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে এসব টাকা আদায় করছে।
স্থানীয়রা জানান, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারকে এলাকায় বিদ্যুতের খুঁটি আনা বাবদ প্রত্যেক পরিবার ৫০০ টাকা ও ঠিকাদারের শ্রমিকদের খাওয়া বাবদ আরো ১০০ শত টাকা করে মোট ৬০০ শত টাকা করে দেয়া হচ্ছে। টাকা প্রদানের বিষয়টি স্বীকার করেছেন একাধিক গ্রাহক। ওই ৬ গ্রামের ধনী-গরীব সকল গ্রাহকদের কাছ থেকে সমানভাবেই টাকা আদায় করা হচ্ছে। ইতোমধ্যে ৭-৮শত গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে এবং টাকা আদায় চলছে বলে জানিয়েছেন গ্রাহকরা।
অভিযোগ রয়েছে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করে দিচ্ছেন মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ, স্থানীয় ইউপি সদস্য সজল তালুকদার ও ঠিকাদারের লোকজন। শুধু ওই ৬ গ্রামই নয় নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানে সকল গ্রামের গ্রাহকদের কাছ থেকেই চাঁদা আদায় করছেন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মজিবুর রহমান জানান,
নতুন সংযোগের জন্য প্রতেক গ্রাহকের কাছ থেকে জামানত বাবদ ৪৫০ টাকা নেয়া হয়। এর বাইরে কোন টাকা নেয়ার বিধান নেই। যারা নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের নামে টাকা নিচ্ছে তারা চাঁদাবাজ ও দাদাল। এরা হয়তো সমিতির দোহাই দিয়ে এসব কাজ করছে। টাকা আদায়কারীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
করুয়াজান গ্রামের বাসিন্দা টিটু তালুকদার বলেন,‘খুঁটি আনার জন্য ঠিকাদারকে টাকা প্রদানে থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদসহ প্রভাবশালী কিছু মানুষ এলাকার ধনী-গরীব সবার কাছ থেকে সমান হারে টাকা আদায় করছেন। এমন ভাবে টাকা আদায় করা চাঁদাবাজির সামিল। দরিদ্র অনেক পরিবার এই টাকা দিতে হিমশিম খাচ্ছেন। টাকা না দিলে বিদ্যুতের তার খুলে নেয়ার হুমকি দেয়া হচ্ছে গ্রাহকদের। ’
করুয়াজান গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রুপক আহমদ বলেন,‘ সবার কাছ থেকেই ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে। এসব টাকা আদায়ের সাথে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন জড়িত। এমন কোন গ্রাম নেই যে, ঠিকাদারকে খুঁিট আনা ও শ্রমিকদের থাকা-খাওয়া বাবদ টাকা দিতে হয় না। সবারই টাকা গুনতে হয়।’
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য বনগাঁও গ্রামের বাসিন্দা সজলু তালুকদার বলেন,‘ সবাই মিলে আলোচনা করে এই টাকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারো একার দ্বারা এই টাকা নেয়া হচ্ছে না। ’
অভিযোগ মিথ্যা দাবি করেছেন মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ বলেন,‘আমি এসব বিষয়ে কিছুই জানি না। আমি এলাকায় থাকি না। কারা টাকা আদায় করছে তা আমি জানি না। ’
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী অসীত কুমার ভৌমিক বলেন,‘ পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে জামানত ফি ছাড়া আর কোনভাবেই টাকা-পয়সা দেয়ার সুযোগ নেই। ঠিকাদারকেও টাকা দেয়ার কোন সুযোগ নেই। ঠিকাদার নিজ দায়িত্বে খুঁিট নিবেন এবং কাজ করবেন। চাঁদাবাজ ও দালালরা পল্লী বিদ্যুৎ সমিতির নামে টাকা তুলে। বিষয়টি এলাকার কেউ জানায় নি। আজ সোমবার এলাকায় লোক পাঠিয়ে তদন্ত করা হবে। সমিতির কারো সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
পল্লী বিদ্যুতের ঠিকাদার সুরমা ইঞ্জিনিয়ারিংয়ের কৌরাজান শাহাপুর ও কামাউরা গ্রামের কাজ দেখভালকারী কর্মকর্তা লিংকন মিয়া জানান, আমরা কোন গ্রাহকের কাছ থেকে টাকা পয়সা নেই নি। গ্রাহকরা ইচ্ছা কওে আমাদের শ্রমিকদের খাইয়েছেন। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এলাকার মোস্তাক ভাই সবকিছু জানেন। তিনিই সবকিছু দেখাশোনা করেছেন।


