মধ্যনগরে ১২ কেজি গাঁজাসহ আটক ৬

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলা বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে মধ্যনগর থানা পুলিশ জানতে পারে চান্দালীপাড়া ও হামিদপুর মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দালীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি সংলগ্ন লেবু বাগান থেকে ৯ কেজি গাঁজা এবং হামিদপুর গামের আব্দুর রউফের সারিষা ক্ষেত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে চান্দালীপাড়া গ্রামের মৃত ছাবির মড়লের ছেলে মো. সাদিকুল ইসলাম (৫০), মো. রশিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৮), মৃত কাশেম আলীর ছেলে মো. আলী হোসেন (৩৫), হামিদপুর গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে মো. মাহাবুর মিয়া (২২), মো. সুমন মিয়ার ছেলে শাকিল মিয়া (২২), মো. লাল চাঁন মিয়ার ছেলে মিটন মিয়াকে (১৯) আটক করা হয়।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, ‘এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটকৃতদের আদালতে পাঠানো হবে।’