ধর্মপাশা প্রতিনিধি
প্রশাসনিক পূণর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে হাওরাঞ্চল ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত আসতে পারে আজ (সোমবার)। সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন শনিবার তার ফেসবুকে এমন আশা জাগানিয়া স্ট্যাটাস দিয়েছেন। তার এই স্ট্যাটাসে মধ্যনগরসহ হাওরাঞ্চলের মানুষের মনে উপজেলা নিয়ে নতুন করে আশা জেগেছে। দূরত্বজনিত কারণে মধ্যনগর থানার চারটি ইউনিয়নের জনগণ চিকিৎসা, প্রশাসনিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহানোর কারণে মধ্যনগর থানাকে দীর্ঘ বছর ধরে উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়ে আসছেন এ অঞ্চলের মানুষ।
১৯৭৪ সালে মধ্যনগর, চামরদানি, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনয়িন নিয়ে মধ্যনগর থানা গঠিত হয়। সোমেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা অবহেলিত মধ্যনগর থানার আয়তন ২২০ বর্গ কিলোমিটার। চারটি ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এই থানার সর্বশেষ বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন থেকে উপজেলা সদরের দূরত্ব ৪০ কিলোমিটারের ওপর। অপরদিকে উপজেলা সদর থেকে মধ্যনগরের দূরত্ব ২০ কিলোমিটার। এ কারণে প্রশাসনিক, শিক্ষা, চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবা নিতে এ থানার মানুষ দীর্ঘ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এ অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা নেন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয় রাজনীতিক সুকেশ রঞ্জন সরকারের নেতৃত্বে মধ্যনগর উপজেলা বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনের ধারাবাহিকতায় বিষয়টি এলাকার মানুষের গণদাবিতে পরিণত হয়। ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ৮৬তম বৈঠকে মধ্যনগর থানা এলাকার চারটি ইউনিয়ন নিয়ে মধ্যনগর উপজেলা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নিকারের ৮৮তম সভায় এই সিদ্ধান্তটি বাতিল করা হয়। এরপর থেকে উপজেলা বাস্তবায়নে এলাকার মানুষ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।
মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাড. আবদুল মজিদ বলেন, ‘দীর্ঘ বছরেও আমরা আশাহত হইনি। মধ্যনগরকে উপজেলায় উন্নীতকরণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’
মধ্যনগরের একজন জনপ্রতিনিধি নিজের পরিচয় না জানানোর অনুরোধ জানিয়ে বললেন, মধ্যনগরকে উপজেলায় উন্নীতকরণের জন্য সাবেক তথ্য সচিব (বর্তমানে প্রধান তথ্য কমিশনার) মধ্যনগরের সন্তান মরতুজা আহমদ নিরবে কাজ করেছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মহামান্য রাষ্ট্রপতির কাছেও এজন্য অনুরোধ জানিয়েছেন। এলাকার সন্তান হিসাবে গত কয়েক বছর হয় তিনি এই বিষয়ে সক্রিয় ছিলেন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীতকরণের পূর্ণ নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দেওয়া হয়েছে। সোমবার নিকারের বৈঠকে মধ্যনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত অনুগ্রহে বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।


