ধর্মপাশা প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৭.৮৩%। উপজেলায় ফলাফলের দিক থেকে এ বিদ্যালয় শীর্ষ স্থান অর্জন করেছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খুশির জোয়ার বইছে।
জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৪৫ জন পরীক্ষার্থী পাস করে। বাকি একজন পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এখন পর্যন্ত শতভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি এবং কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি কিন্তু এবারের ভাল ফলাফলে তাঁরা অনেক সন্তুষ্ট। আগামী বছরগুলোতে বিদ্যালয়ের ফলাফল আরো ভাল করার জন্য চেষ্টা করবেন বলে জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম জানান, উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলাফলের দিক থেকে মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থান অর্জন করেছে।


