মনকাড়া টাঙ্গুয়ায় একদিন

আকরাম উদ্দিন, টাঙ্গুয়ার থেকে ফিরে
‘ছয় কুড়ি বিল, নয় কুড়ি কান্দা’। সুবিশাল টাঙ্গুয়ার হাওর। হাওরের স্বচ্ছ পানি, পানির তলদেশে শতাধিক প্রজাতির মাছ, পরিযায়ী পাখি, হিজল-করচ, নল-খাগড়া ও বন। একসময় টাঙ্গুয়ার হাওরের অসম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বুঝানো হতো ‘ছয় কুড়ি বিল, নয় কুড়ি কান্দা’ এই প্রবাদবাক্য দিয়ে। তখন মুখে মুখে প্রবাদবাক্য ছুঁড়ে দিয়ে আনন্দ পেতেন প্রবীণেরা। এই প্রবাদ বাক্যের গভীরে কত কী যে ঢাকা ছিল, হয়ত সেই সময়কালে কেউ জানতেন না। তেমন ভাবনাও ছিল না কারো এই টাঙ্গুয়ার হাওর নিয়ে।
১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশ ও এর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব বিবেচনা করে সরকার টাঙ্গুয়ার হাওরের ৯,৭২৭ হেক্টর এলাকাকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষণা করে। ২০০০ সালে যখন হাওরটি দেশের দ্বিতীয় রামসার সাইট হিসাবে মর্যাদা পায়, তখন হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি সমাজভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলার সিদ্ধান্তনেয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন, দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর আর্থিক সহায়তায় ‘টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা’ প্রকল্প পরিচালনা শুরু করে। এই প্রকল্পের মুল লক্ষ্য ছিল টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ক্ষেত্রে এমন একটি কার্যকর সহ-ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা করা, যা হাওরপাড়ের বাসিন্দা সকল নারী ও পুরুষের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি করে।
মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর সমৃদ্ধ জীববৈচিত্র্যের  আবাসভূমি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত দ্বিতীয় রামসার সাইট নামে খ্যাত সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর। বিশ্বের অন্যতম জলাভূমি টাঙ্গুয়ার হাওরের বিস্তৃতি ২৫ হাজার একর ভূমির উপর। এই হাওরটি প্রায় ৫২টি বিলের সমন্বয়ে গঠিত। জেলার তাহিরপুরের উ.শ্রীপুর ও দ.শ্রীপুর এবং ধর্মপাশা উপজেলার উ.বংশীকুন্ডা এবং দ.বংশীকুন্ডা নামের ৪টি ইউনিয়ন জুড়ে এই টাঙ্গুয়ার হাওরের অবস্থান রয়েছে। dsc01538
আইইউসিএন সূত্রে জানা যায়, হাওর জুড়ে ১৪১ দেশি প্রজাতির মাছ, ২ হাজার প্রজাতির উদ্ভিদ, ২১৯ প্রজাতির পাখি রয়েছে। এরমধ্যে ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ ২৯ এবং উভয়চর ১১ প্রজাতির প্রাণী রয়েছে।
সকালে সূর্যোদয় বিকালে অস্তমিত। এসব দৃশ্য দেখলে মনে হয়, এই সুবিশাল জলরাশির টাঙ্গুয়ার হাওর যেন এক অনন্য পৃথিবী। দুপুরে মাথার উপর সূর্য। খোলা আকাশের নিচে হাওরের মিঠাপানি, প্রবল বাতাস আর উথাল-পাথাল ঢেউ। ঢেউ-পানিতে মাখামাখি করে ভাসতে ভাসতে চলতে পারেন হিজল, করচ, বরুণ, মেরা, জারুল বাগের মাঝ দিয়ে। ঢেউয়ের ধাক্কায় পানিতে ভেসে থাকা নল, খাগড়া দুলছে। নীল-সবুজ-স্বচ্ছ পানি। সকালের কিংবা বিকালের সূুর্যের কিরণ পানিতে চিকিমিকি খেলছে।
পানিতে ভাসমান বৃক্ষরাজি খুদে পানা, কচুরিপানা। স্বচ্ছ পানির নিচে জলজ উদ্ভিদ হাইড্রিলা, খাসোরধাম, ঝাউধাম, পানকিলা, পানির উপরে শতমূলী, বুনো গোলাপ, জংলি স্ট্রবেরি, নীল, সিংরা, সবুজ ও লাল শাপলা, ফুটকি, দুর্বাঘাস, দুধিলতা, চাইলাঘাস আরও আছে হেলেঞ্চা, হেইচা, পানিফল, উকল, গুইজ্জাকাটা, শালুক, বনতুলশী, শোলা, রাডাতলা, বারনিয়ার্ড ঘাস, হেনচি শাক, উড়িধান ইত্যাদি।
প্রশস্ত হাওর দেখা মানে সাগর দেখা, প্রশস্ত মন সৃষ্টি করা। এমন ভাবনার মানসিকতা নিয়ে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য সুবিশাল ও স্বচ্ছ জলরাশি দেখতে ২৭ আগস্ট সুনামগঞ্জের সাংবাদিকদের একটি দল পরিদর্শনে যান।
হাওরের সৌন্দর্য উপভোগ আর নানা জাতের বৃক্ষ, লতা,গুল্ম, পাখি, জনের রূপ দেখার ফাঁকে দেখা মিলে
৯৮ বছর বয়সী বৃদ্ধ দিলুমনির।  এমন বয়সেও দিলুমনির মুখের হাসি তরুণ সাংবাদিকদের হারমানায়। বয়সের ভারে ন্যুব্জ হলেও মুখের আকর্ষণীয় সাদা দাঁত একটিও পড়েনি তাঁর। অত্যন্ত বিনয়ী, সহজ-সরল মনের তিনি। সাংবাদিকদের ছবি তোলার ব্যস্ততা দেখে বার বার  হাসছিলেন দিলুমনি। ছবি তুলার ব্যস্ততায় তখন মনে হয়েছে যেন সকল সাংবাদিকদের শ্রদ্ধাভাজন নানী, দিলুমনি। কেউ নানীকে গা জড়িয়ে, কেউ সাজিয়ে, কেউ আবার কানের কোণে ফুল ঝুলিয়ে দিয়ে কার আগে কে তুলবে নানীর ছবি, দারুণ ব্যস্ত সবাই। যেন ফটোসেশন উৎসব। বিদায় বেলা দোয়া নিয়ে আবারও এই নানীকে ঘিরে ফটোসেশন করেন সকলে। dsc01599
ভারতের সীমান্তে অবস্থিত নিরব নিস্তুদ্ধ এই গ্রামে কয়েকটি বাড়িতে কয়েকটি ঘর দেখা যায়, শুধু মাটি দিয়ে তৈরি বেড়া। শুকনার মধ্যে একটি সুন্দর ও লম্বা ব্রিজও রয়েছে। গ্রামের লোকজন জানান, এই ব্রিজ পাহাড়ী ঢল নামলে কাজে লাগে। ভারত থেকে ঢলের সাথে গাছ ও মাছ আসে। জলশূন্য এই ছোট নদীটি বাঙালপিঠা এলাকায় বর্ডার গার্ড ক্যাম্পের পাশে দিয়ে বয়ে গেছে। এই গ্রামের উপজাতি অনেকেই শূকর পোষেন। শূকরের খামারও আছে তাদের।
সেখান থেকে পুনরায় স্পীডবোটে করে বিকাল ৩টায় ফিরে আসেন সাংবাদিকরা গোলাবাড়ির পাশের ওয়াস টাওয়ারে। জল পথে অনেক দূর থেকে এই ওয়াচ টাওয়ারটি চোখে পড়ে সবার। নান্দনিক ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের নিচে বড় ইঞ্জিন নৌকায় দেখা হয় বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ভ্রমণপিপাষু শিক্ষার্থীদের সাথে। তাঁরা তিন দিনের ভ্রমণে এসেছেন টাঙ্গুয়ার হাওরে।
কিছুক্ষণ কাটিয়ে বিকাল সাড়ে ৪টায় ফিরে আসি গোলাবাড়ি ক্যাম্পের পাশে একটি সাধারণ পরিবেশের রেস্ট হাউস ‘হাওর বিলাসে’। ওইখানে খাবার পর্ব সেরে বিকাল ৫টায় স্পীডবোটে রওয়ানা দিয়ে আসার পথে হাতিরগাতা এলাকায় কিছু পাখির সন্ধান পাওয়া যায়। পড়ন্ত বিকালে করচ গাছের মাথায় দেখা যায় পৃথিবীর বিরল প্রজাতির পাখি ‘প্যালাসাস ফিশিং’ নামের দুইটি ঈগল। এই ঈগল যুগলের ছবি তোলে সাড়ে ৫টায় তাহিরপুরে পৌঁছেন সাংবাদিকরা।
তাহিরপুর থেকে ৬ টায় রওয়ানা দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরে পৌঁছেন তাঁরা। এই ভ্রমণে ছিলেন লেখক ও সাংবাদিক আকরাম উদ্দিন, আবেদ মাহমুদ চৌধুরী, এমরানুল হক চৌধুরী, কুলেন্দু শেখর দাস, দেওয়ান গিয়াস চৌধুরী, এ.আর জুয়েল, বুরহান উদ্দিন, শিক্ষার্থী মনিরুল আলম সাজু প্রমুখ।